নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য জীবন ঘিরে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁদের আলাদা থাকা ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে খবর প্রকাশিত হলেও এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি এই তারকা দম্পতি। ফলে তাঁদের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
এরই মধ্যে বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন ফারুকী। সেখানে ব্যক্তিগত জীবন নিয়ে কিছু না লিখে গল্প বলা ও চলচ্চিত্রের প্রতি নিজের আগ্রহের কথা তুলে ধরেন তিনি।
ফারুকী লেখেন, ‘ঢেঁকি বুসান গিয়েও ধান ভেনেছে। এবং এখন আবার দেশে ফিরে রান্না বান্নায় মন দিয়েছে। গল্প বলার মতো এতো ঘোর আর কোনো কাজে পাই না বলেই গল্প বলি। বাই দ্য ওয়ে, পুরা দুনিয়াটাইতো একটা গল্প!’
তবে তাঁর এই পোস্টে তিশার সঙ্গে সম্পর্ক কিংবা বিচ্ছেদের গুঞ্জন নিয়ে কোনো মন্তব্য ছিল না।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বেশ কিছুদিন ধরে ফারুকী ও তিশার মধ্যে মানসিক দূরত্ব তৈরি হয়েছে। তিশা তাঁদের একমাত্র মেয়ে ইলহাম নুসরাত ফারুকীকে নিয়ে আলাদা থাকছেন বলেও খবর প্রকাশিত হয়েছে। তবে এসব তথ্যের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
কিছু প্রতিবেদনে তাঁদের দেড় মাসের বেশি সময় ধরে আলাদা থাকার দাবি করা হয়েছে। অস্ট্রেলিয়ায় কেনা একটি বাড়ি বিক্রি করা নিয়ে দুজনের মধ্যে মতবিরোধের খবরও এসেছে। তবে এসব বিষয়ে ফারুকী ও তিশার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের মধ্যেই কাজ চালিয়ে যাচ্ছেন তিশা। সম্প্রতি ‘ফুলস্ক্রিন’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি। নাটক নির্মাণের পাশাপাশি তাঁর প্রযোজিত ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’ মুক্তি পেয়েছে।
অন্যদিকে, ফারুকীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘৮৪০: ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’। ২০২৪ সালে মুক্তি পাওয়া এই সিনেমার পর নতুন কোনো চলচ্চিত্র নিয়ে পর্দায় ফেরেননি তিনি। তিশাকেও বেশ কিছুদিন ধরে অভিনয়ে দেখা যাচ্ছে না।
কাজের সূত্র ধরেই ফারুকী ও তিশার পরিচয়, পরে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পাঁচ বছরের প্রেমের পর ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন তাঁরা। ২০২২ সালে তাঁদের ঘরে জন্ম নেয় কন্যাসন্তান ইলহাম নুসরাত ফারুকী।
এমএম/
