আজকাল ওয়েবডেস্ক: বিপুল মার্জিনে বিজেপি ক্ষমতায় এসেছে বঙ্গে। অন্যদিকে, বিরোধী দল তৃণমূলও ভেঙে দু টুকরো। এর মাঝেই ফ্লোর টেস্টের প্রসঙ্গ খোদ মুখ্যমন্ত্রীর মুখে। শুভেন্দু অধিকারী বলেন, 'বিজেপি তো ২০৯ হয়ে গিয়েছে। কাল যদি ফ্লোর টেস্ট করান, তাহলে আমি ২৭৫টা ভোট পাবো।' এবার সেই প্রসঙ্গে বলতে গিয়ে, নিজের দল অবিভক্ত তৃণমূলকেই একহাত নিয়েছেন মমতা তৃণমূলের নেতা, সাংসদ কল্যাণ ব্যানার্জি। স্পষ্ট কারও নাম না করলেও, ইঙ্গিত একসময়ের মুখপাত্রদের একাংশের দিকেই। অভিযোগ, দল ক্ষমতায় থাকার সময়, আসন-আস্ফালন, ক্ষমতা নিয়ে অহংকার করেছেন তাঁরাও।
নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে কল্যাণ বলেন, 'তৃণমূলের থার্ড টার্মে, আমাদের কিছু নেতা, বেশকিছু মুখপাত্র, তারা সবসময় বলত, ৫০ বছর আমরা থাকব। কিছু নেতা বলত। সে অহংকার পতনও হয়ে গিয়েছে।' বাম জমানার প্রসঙ্গও টেনেছেন কল্যাণ। তিনি বলেন, '২০০৬-এ বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন আমরা ২৩৩। অহংকার দেখিয়েছিলেন, পরেরবার পড়ে গিয়েছে।'
রাজ্যে বিধানসভার ভোট মেটার পর, এবার নজরে পুরভোট। কোন শিবির কোন দলের সঙ্গে হাত মিলিয়ে লোরাই করবে, কোন দল একক লড়াইয়ের পথে তা নিয়ে জল্পনা তুঙ্গে। সেসবের মাঝেই কল্যাণ বলছেন, 'পুরভোট কিংবা পঞ্চায়েত ভোট খুব একটা নির্দেশবাচক জায়গা নয়।' পুরভোট নিয়ে জল্পনার মাঝেই, ঋতব্রত তৃণমূলের অবস্থান স্পষ্ট হয়ে গিয়েছে। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায় সাফ জানিয়েছেন, পুরভোটে কোনও দলের সঙ্গে জোট করে নয়, একক লড়াই করবে ঋতব্রত শিবির। তিনি বলেন, 'এনসিপিআই-র সঙ্গে আমাদের কোনও যোগাযোগ নেই। এনসিপিআই আলাদা পার্টি। এনসিপিআই বিজেপির সঙ্গে মার্জ করেছে।'
https://www.youtube.com/watch?v=JwFdq_tA9cE
