চাঁদপুর: আমি অত্যন্ত আনন্দিত যে, বাংলাদেশের মধ্যে আপনাদের সমবায় সমিতির কার্যক্রম শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিচালিত হচ্ছে। এ জন্য সমিতির সভাপতি জসিম উদ্দিন শেখসহ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানাই। দেশের বিভিন্ন স্থানে সমবায় সমিতি পরিদর্শনকালে আমি সমবায়ীদের শেখানোর চেষ্টা করি, কিন্তু আপনাদের সমিতিতে এসে নিজেই অনেক কিছু শিখলাম।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুর শহরের ওয়ারলেস বাজারে চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক এবং অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির, এনডিসি।
পরিদর্শন শেষে সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি সমিতির কার্যক্রমের প্রশংসা করে বলেন, চান্দ্রা সমবায় সমিতির নিজস্ব উদ্যোগে তৈরি সফটওয়্যারটি অত্যন্ত সময়োপযোগী ও স্বচ্ছতানির্ভর। এ ধরনের সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে শুধু সমবায় সমিতি নয়, বাংলাদেশের যেকোনো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানও স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করা সম্ভব বলে তিনি বিশ্বাস করেন।
তিনি আরও বলেন, সমবায় অধিদপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতা নিশ্চিত করা গেলে দেশের আমূল পরিবর্তন সম্ভব। কিন্তু আমরা অনেক সময় সামগ্রিক কল্যাণের পরিবর্তে ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেই। ফলে মূল লক্ষ্য ও আদর্শ থেকে দূরে সরে যাই। তাই বৃহত্তর স্বার্থকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
পরিদর্শনকালে সমিতির পক্ষ থেকে সভাপতি মো. জসিম উদ্দিন শেখসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা নিবন্ধক ও মহাপরিচালককে অভ্যর্থনা জানান। এ সময় তিনি সমিতির কার্যক্রম নিয়ে নির্মিত দুটি প্রামাণ্যচিত্র দেখেন এবং চান্দ্রা সফটওয়্যারের লাইভ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সফটওয়্যারটির বিভিন্ন দিক নিয়ে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমবায় অধিদপ্তরের যুগ্ম-নিবন্ধক মো. কামরুজ্জামান, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের যুগ্ম-নিবন্ধক মো. দুলাল মিয়া এবং চাঁদপুর জেলা সমবায় কর্মকর্তা মো. শাহাবুদ্দিন। সভায় স্বাগত বক্তব্য দেন সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন শেখ। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মোহাম্মদ ইব্রাহিম খলিল । সঞ্চালনায় ছিলেন বি এম হান্নান।
এ সময় সমিতির সহ-সভাপতি সেলিম আহমেদ, সম্পাদক নুরুন নাহার, দেবব্রত সরকার, প্রিয়তোষ চন্দ্র শীল, সুমন চন্দ্র অধিকারী, আশীষ কুমার মজুমদার, মো. মাসুদুর রহমান শেখ, মো. শাহজালাল আল সাফীসহ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্য ও কমকর্তাগনগন উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/
