কালবেলা · general
অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যা মামলায় স্বামী-শ্বশুর কারাগারে
১১/১০/২০২৬

বগুড়ায় যৌতুকের দাবিতে ৪ মাসের অন্তঃসত্ত্বা মিম খাতুনকে হত্যার অভিযোগে করা মামলায় স্বামী সোহেল রানা এবং শ্বশুর জামাল উদ্দিনকে (৫৮) কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বগুড়া জেলা দায়রা জজ মো. মনিরুজ্জামান জামিনের আবেদন শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামি জামাল উদ্দিন (৫৮) ও তার ছেলে সোহেল রানা (৩২) গাবতলী উপজেলার বাওনটোনা গ্রামের বাসিন্দা।
মামলার এজাহারে সূত্রে জানা গেছে, গাবতলী উপজেলার মধ্যমারছেও গ্রামের আব্দুর রহমান রঞ্জুর মেয়ে মিমি খাতুনের সঙ্গে বাওনটোনা গ্রামের জামাল উদ্দিনের ছেলে সোহেল রানার বিয়ে হয়। পরে সোহেল রানা ও মিম খাতুন দম্পতির ঘরে মিরাজ নামের এক ছেলের জন্ম হয়।
এদিকে যৌতুকের দুই লাখ টাকার দাবিতে স্বামী সোহেল রানা এবং শ্বশুর জামাল উদ্দিনসহ অন্য আসামিরা গত ২ আগস্ট রাত ৮টার দিকে নির্যাতনসহ বালিশচাপা ও গলাটিপে হত্যা করে পালিয়ে যান। খবর পেয়ে মিম খাতুনের বাবা বাড়িতে গিয়ে মেয়ে মিম খাতুনের মরদেহ দেখতে পান।
পরে আব্দুর রহমান রঞ্জু বাদী হয়ে মেয়ের স্বামী ও শ্বশুর এবং শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে গাবতলী মডেল থানায় হত্যা মামলা করেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আব্দুল বাছেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের আদালতে সোপর্দ করে জামিন শুনানির পর বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মূল প্রতিবেদনে যান ↗