মেহেরপুরে কিশোর গ্যাং, মাদক ও অনলাইন জুয়াবিরোধী অভিযানে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ৪৬ জনকে আটক করেছে জেলা পুলিশ। এর মধ্যে মেহেরপুর সদর থানায় ৪৩ জন এবং গাংনী থানায় তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ২৩ জন অপ্রাপ্তবয়স্ককে অভিভাবকদের মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২৩ জনকে আটক দেখিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, মেহেরপুর সদর থানায় আটক ৪৩ জনের মধ্যে ২০ জন অপ্রাপ্তবয়স্ক। পরে তাদের অভিভাবকদের কাছে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২৩ জনকে আটক দেখানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।
অন্যদিকে, গাংনী থানায় আটক তিনজনই অপ্রাপ্তবয়স্ক সন্দেহভাজন। তাদেরও অভিভাবকদের মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী।
অর্থাৎ দুই থানায় মোট ৪৬ জন আটক হন। তাদের মধ্যে ২৩ জনকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকি ২৩ জনকে আটক দেখানো হয়েছে। মুজিবনগর উপজেলায় বৃহস্পতিবার রাতে কাউকে আটক করা হয়নি। তবে চলতি মাসের শুরু থেকেই সেখানে কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযান চলছে বলে জানিয়েছেন মুজিবনগর থানার ওসি (তদন্ত) সেলিম জাহাঙ্গীর।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পারসন জামিনুর রহমান খান কালবেলাকে বলেন, ‘নিয়মিত অভিযানের পাশাপাশি মেহেরপুরের পুলিশ সুপারের নির্দেশনায় জেলাব্যাপী কিশোর গ্যাং, মাদক এবং অনলাইন জুয়াবিরোধী সাঁড়াশি অভিযান শুরু করা হয়েছে। প্রথমদিকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অপ্রাপ্তবয়স্কদের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের জিম্মায় দেওয়া হচ্ছে। তবে মাদকসহ যারা আটক হয়েছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা হবে। এখন থেকে প্রতিনিয়ত এই অভিযান চলমান থাকবে।’
