আজকাল ওয়েবডেস্ক: ঐতিহ্যবাহী প্রেসিডেন্সি সংশোধনাগারে এ বছর ৮৭তম বছরে পদার্পণ করল দুর্গোৎসব। আর নবমীর সন্ধ্যায় সেই প্রেসিডেন্সি সংশোধনাগারের সমস্ত আবাসিক, আধিকারিক, কারারক্ষী ও কর্মীদের উৎসবের শুভেচ্ছা জানাতে হাজির হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
পুজো মণ্ডপে আরতি করে সেখানকার বন্দি আবাসিকদের দৈনিক খাবারের বরাদ্দ বৃদ্ধি, কারারক্ষীদের আর্থিক সুবিধা এবং সংশোধনাগারের পরিকাঠামো উন্নয়নের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী তথা কারাদপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী এ দিন শুধু পুজোর শুভেচ্ছাই জানাননি, বরং প্রেসিডেন্সি সংশোধনাগারের সঙ্গে জড়িয়ে থারৈ বাংলার ইতিহাস ও ঐতিহ্য, নেতাজি সুভাষচন্দ্র বসু-সহ বহু স্বাধীনতা সংগ্রামীর স্মৃতি এই সংশোধনাগারের সঙ্গে যুক্ত থাকার কথাও উল্লেখ করেন। তিনি জানান, সেই ঐতিহ্যকে মর্যাদা দিতে এ বছরে তিনি সংশোধনাগারের আবাসিক, আধিকারিক, কারারক্ষী ও কর্মীদের সম্মিলিত উদ্যোগে দুর্গোৎসব পালনে যাতে জোর দিতে আগে থেকেই তারা দফতরকে নির্দেশ দিয়েছিলেন। তবে এ বারে প্রেসিডেন্সি সংশোধনাগারের পুজোর জন্য এগিয়ে এসেছে বেসরকারি সংস্থাও ।সহযোগিতাকারী বেসরকারি সংস্থাকেও ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।
পুজো উপলক্ষ্যে গিয়ে বন্দিদের সুযোগ-সুবিধা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, তাঁদের তিন বেলার খাবারের জন্য বরাদ্দ অর্থ বাড়ানো হয়েছে। সংশোধনাগারের হাসপাতালের জন্য বরাদ্দ অর্থও বৃদ্ধি করা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি, কারারক্ষীদের অগ্রিম বেতন দেওয়া এবং ২০ শতাংশ অতিরিক্ত আর্থিক সুবিধা দেওয়ার কথাও তাঁর বক্তব্যে উঠে আসে।
মুখ্যমন্ত্রী এ দিন আরও জানান, এর আগেও তিনি এই সংশোধনাগার পরিদর্শন করে গিয়েছেন। আর সেই সময সময় একাধিক পরিকাঠামোগত ত্রুটি তাঁর নজরে এসেছিল। আগামী দিনে সেই সমস্যাগুলি সমাধান করে সংশোধনাগারের পরিবেশ উন্নত করার আশ্বাস দেন তিনি। তাঁর বক্তব্য, “সংশোধনাগারের উদ্দেশ্য শুধু বন্দিদের আটকে রাখা নয়, তাঁদের সংশোধনের মাধ্যমে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা। বন্দিরা যাতে ভবিষ্যতে অপরাধ থেকে দূরে থেকে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
দীর্ঘমেয়াদি কারাবাসে থাকা বন্দিদের কল্যাণের বিষয়টিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। ভারতীয় ন্যায় সংহিতা-সহ কেন্দ্রীয় সরকারের নতুন আইনি ব্যবস্থার আওতায় বন্দিদের কল্যাণে যে সুযোগগুলি তৈরি হয়েছে, সেগুলি পশ্চিমবঙ্গে কার্যকর করার চেষ্টা করা হবে বলে জানান তিনি।
