রামগড়ে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া, সম্প্রীতি বজায় রাখার আহ্বান
২২ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ এএম

খাগড়াছড়ি ২৯৮নং সংসদীয় আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এমপি বলেছেন, জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও সহমর্মিতার বন্ধন অটুট রেখে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে রামগড়ের শ্রীশ্রী দক্ষিণেশ্বরী কালীমন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি মন্দির কর্তৃপক্ষ, মাতৃমণ্ডলী ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান।
ওয়াদুদ ভূঁইয়া বলেন, বাংলাদেশের সৌন্দর্য ও শক্তি নিহিত রয়েছে মানুষের পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধাবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে নিজ নিজ ধর্মীয় রীতিনীতি, সংস্কৃতি ও ঐতিহ্য অনুসরণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। প্রত্যেকের ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শন করা সবার নৈতিক দায়িত্ব। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মন্দির কর্তৃপক্ষের তথ্যমতে, এবার দক্ষিণেশ্বরী কালীমন্দিরে ৯৯তম দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। আগামী বছর শততম দুর্গাপূজা জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন ওয়াদুদ ভূঁইয়া। পরে তিনি পূজা উদযাপন পর্ষদের হাতে অনুদান তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম, খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এম এন আফছার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মালেক মিন্টু, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্ল্যাহসহ বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী, পূজা উদযাপন পর্ষদের নেতৃবৃন্দ এবং ভক্তরা।

