ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় দেখা দেওয়া রক্তশূন্যতার সমস্যাও কেটে গেছে। বর্তমানে তিনি কথা বলছেন এবং আগের তুলনায় সুস্থ বোধ করছেন।
শনিবার (২৪ অক্টোবর) ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নাজমুল হক ডিকেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় ভূমিমন্ত্রীর রক্তশূন্যতা দেখা দিয়েছিল। তবে সেই সমস্যা এখন কেটে গেছে। তিনি আগের চেয়ে কিছুটা সুস্থ বোধ করছেন। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা বাকি রয়েছে, সেগুলো আজ করা হবে।
নাজমুল হক ডিকেন আশা প্রকাশ করে বলেন, ভূমিমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে উঠবেন। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ বোধ করছেন এবং কথা বলছেন।
এদিকে, অসুস্থ ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল।
এ ছাড়া প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা মো. আব্দুস সাত্তার পাটোয়ারী, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা তাঁকে দেখতে হাসপাতালে যান।
এ সময় তাঁরা ভূমিমন্ত্রীর দ্রুত রোগমুক্তি কামনা করেন। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারাও তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
