হিন্দু ধর্মাবলম্বীদের বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, ফ্যাসিস্ট সরকারের দোসর-দালালরা অতীতে আপনাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। আপনাদের ভোট ব্যাংক হওয়ার দরকার নাই। আপনারা জনগণের একটা অংশ।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপের নেতৃবৃন্দের মধ্যে উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আপনারা স্বাধীন। আপনার বিবেককে প্রশ্ন করবেন, কোন দলের এবং কোন সরকারের সময়ে আপনারা নিরাপদ ছিলেন, আর আপনাদের পক্ষে কারা ছিল। সেটা আপনারা বিবেচনা করবেন।
খায়রুল কবির খোকন বলেন, এদেশের নাগরিক হিসেবে আপনারা কাকে ভোট দেবেন, কাকে সমর্থন দেবেন, সেটা সম্পূর্ণ আপনাদের গণতান্ত্রিক অধিকার। ধর্মের ভিত্তিতে নয়, দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিএনপি সরকার বদ্ধপরিকর। আমরা বিগত সময়ের মতোই আপনাদের পাশে আছি এবং থাকবো।
তিনি আরও বলেন, আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ছাত্রদলসহ বিএনপির সকল অঙ্গসংগঠন মাঠে থেকে প্রতিটি মণ্ডপ পর্যবেক্ষণ করবেন। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে এবং সকলেই সুন্দরভাবে উৎসবটি পালন করতে পারেন।
ফ্যাসিস্ট সরকারের দোসরদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসররা গা ঢাকা দিয়ে আছে। আমাদের নরসিংদীতেও আছে, তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে।
নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি রবিউল ইসলাম রবি, খবিরুল ইসলাম বাবুল, এম এ জলিল, হারুন-অর-রশিদ, এ কে এম গোলাম কবির কামাল ও ফারুক উদ্দিন ভূঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাচ্চু, ক্রীড়াবিষয়ক সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, ছাত্রবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
