ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ায় দেশের অন্যতম জনপ্রিয় ও পাঠকনন্দিত জাতীয় দৈনিক ‘কালবেলা’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুর্নীতি প্রতিরোধ কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়ার সাবেক সভাপতি মো. আবদুন নূর এবং ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি জালাল উদ্দিন রুমি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দৈনিক কালবেলার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি প্রকাশ দাস।
সভায় বক্তারা কালবেলার বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করে বলেন, দৈনিক কালবেলা দেশের সংবাদপত্র জগতে অত্যন্ত অল্প সময়ের মধ্যে নিজস্ব এক শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে। বিশেষ করে সাহসী ও নির্ভীক সংবাদ পরিবেশনের কারণে পত্রিকাটি এখন পাঠক হৃদয়ে ব্যাপক জনপ্রিয়।
বক্তারা আরও বলেন, কালবেলা পত্রিকাটির সাংবাদিক ও কর্তৃপক্ষ অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে যাচ্ছে। আগামীতেও বস্তুনিষ্ঠতার এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন এবং কালবেলা পরিবারের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ আজিজুর রহমান পায়েল, কার্যনির্বাহী সদস্য আশেক মান্নান হিমেল, মেহেদী নূর পরশ, এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার আজিজুল সঞ্চয়, মাইটিভির জেলা প্রতিনিধি নূরুল আরাফাত, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি আবুল হাসনাত রাফি এবং চিত্র সাংবাদিক জয় আহমেদসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুধীজন।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা কেক কেটে দৈনিক কালবেলার শুভ বর্ষপূর্তি উদযাপন করেন।
