ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মুক্তার হোসেনের বাড়ির ফটকে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সোয়া ৪টার দিকে উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মুক্তার হোসেন জানান, ভোররাতে বাড়ির ফটকে পরপর দুটি বিস্ফোরণের শব্দ শুনে বাইরে বেরিয়ে আসেন তিনি। এ সময় ফটকে আগুন জ্বলতে দেখেন। তাঁর দাবি, ঘটনার পরপরই বাড়ির ফটক থেকে কিছুটা দূরে থাকা দুটি মোটরসাইকেল ও একটি হাইয়েস গাড়ি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
তিনি আরও জানান, বিস্ফোরণের শব্দ শুনে বাড়ির পাশের এলাকায় টহলরত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে পাশের একটি দোকানের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে। পুলিশ বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করে থানায় নিয়ে যায়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মশিউর রহমান জানান, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের খবর পেয়ে ভোররাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেলের আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
