জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে অধ্যক্ষ সম্মিলন ২০২৬। রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এ সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠা এবং যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ সম্মিলনের আয়োজন করা হচ্ছে। পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরি এবং অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে অধ্যক্ষদের ভূমিকা আরও কার্যকর করাও এর উদ্দেশ্য।
সম্মিলনে অধ্যক্ষরা জাতীয় শিক্ষানীতি, সরকারের শিক্ষাদর্শন, উচ্চশিক্ষার উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনী ইশতেহারে ঘোষিত শিক্ষা-সংক্রান্ত অঙ্গীকার বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন। এ ছাড়া কলেজ শিক্ষার উন্নয়নে সরকারের পরিকল্পনা ও অগ্রাধিকার সম্পর্কে ধারণা লাভ করবেন।
সম্মিলনে অংশ নিতে অধিভুক্ত কলেজের অধ্যক্ষদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের [কলেজ পোর্টালে](https://collegeportal.nu.ac.bd/) কলেজ কোড ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অধ্যক্ষ সম্মিলন ২০২৬ অপশনে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
কোনো অধ্যক্ষ অনিবার্য কারণে উপস্থিত হতে না পারলে তাঁর পরিবর্তে সংশ্লিষ্ট কলেজের উপাধ্যক্ষ নিবন্ধন করে অংশ নিতে পারবেন। সম্মিলনে যোগদানের জন্য অধ্যক্ষ বা উপাধ্যক্ষ নিজ নিজ প্রতিষ্ঠান থেকে বিধি অনুযায়ী টিএ-ডিএ গ্রহণ করতে পারবেন।
