প্রকাশিত: ১৪:৪৫, ১৬ অক্টোবর ২০২৬ আপডেট: ১৪:৪৬, ১৬ অক্টোবর ২০২৬
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নারায়ণপুর সীমান্তে শুক্রবার দুপুরে পতাকা বৈঠক করেন বিজিবি ও বিএসএফ সদস্যরা
ভারতের অভ্যন্তরে প্রবেশের পর আটক হওয়া বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নারায়ণপুর সীমান্তের ২০৫৭ নম্বর মেইন পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
ফেরত আসা দুই পুলিশ সদস্য হলেন- ব্রাহ্মণপাড়া থানার কনস্টেবল রোহিত দেওয়ান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইমরান হোসেন।
পুলিশ সূত্রে জানায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর পিলার এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালান। এক ব্যক্তিকে ধাওয়া করতে গিয়ে কনস্টেবল রোহিত দেওয়ান সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতীয় নাগরিকেরা তাঁকে আটক করেন। পরে তাকে ছাড়িয়ে আনতে গিয়ে এএসআই মো. ইমরান হোসেনও আটক হন।
ঘটনার পর দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ শুরু হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর শশীদল বিওপির কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিন, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন এবং শশীদল বিওপি কমান্ডার সুবেদার মোহাম্মদ তাকবীর হোসেন।
