খুলনা গেজেট অক্টোবর ২৪, ২০২৬ ৫:৪২ অপরাহ্ণ
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি বিদ্যালয়ের ভেতর থেকে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্কুলব্যাগ থেকে তিন পাতার একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে প্রেমঘটিত বিষয় সামনে এলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দিল্লির শাহদারা জেলার কৃষ্ণনগর এলাকার সর্বোদয়া কন্যা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের নিরাপত্তাকক্ষের পেছন থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ১৭ বছর বয়সী ওই ছাত্রী নিজের গায়ে পেট্রলের মতো একটি দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি আত্মহত্যা কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।
তদন্তের প্রাথমিক পর্যায়ে ছাত্রীর স্কুলব্যাগ থেকে তিন পাতার একটি চিরকুট পাওয়া যায়। শিক্ষকদের ভাষ্য অনুযায়ী, ব্যাগ থেকে আরও কিছু সন্দেহজনক সামগ্রী উদ্ধার করা হয়েছে। তবে সেগুলো কী ধরনের সামগ্রী, তা নিশ্চিত করেনি পুলিশ।
ছাত্রীর বোন জানান, সকালে তাকে হাসিমুখে স্কুলে যেতে দেখেছিলেন। পরে বেলা ১টা ৪০ মিনিটের দিকে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ফোন করে ঘটনার কথা জানায়। কী ঘটেছিল, তা বুঝতে পারছেন না বলে জানান তিনি।
ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহের জন্য পুলিশের অপরাধ তদন্ত দলকে ডাকা হয়। কী পরিস্থিতিতে ওই ছাত্রীর মৃত্যু হয়েছে, তা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়েছে।
খুলনা গেজেট/এএজে
