নওগাঁর মহাদেবপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আনিছুর রহমান (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের নয়জন আহত হয়েছেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওসমান গনি নামে একজনকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের রণাইল নিচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনিছুর রহমান ওই গ্রামের বাসিন্দা।
আহত হলেন- আনিছুর রহমানের ছেলে শাহাজাহান আলী (৩০), আব্দুল মতিন (৪০), আবুল কালাম আজাদ (৫৪), তার ছেলে আব্দুল আলিম (২৫), জাহিদুল ইসলাম (৪০) এবং অপর পক্ষের নজরুল ইসলাম, রফিজ উদ্দীনের ছেলে রেজাউল ইসলাম (৬৫) ও তার দুই ছেলে ইলিয়াস হোসেন (৩৫) ও জুয়েল হোসেন (২৮)। আটক ওসমান গনি একই গ্রামের মৃত ওয়াহেদ আলী মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রণাইল গ্রামে প্রায় ১০ বিঘা জমি নিয়ে আনিছুর রহমানের সঙ্গে একই গ্রামের মৃত লছিম উদ্দীনের ছেলে নজরুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয় মাতব্বরদের সালিশের মাধ্যমে আনিছুর রহমানের প্রায় সাত বিঘা জমি বুঝিয়ে দেওয়া হলে সেখানে ধানের চারা রোপণ করে পরিচর্যা করছিলেন তারা।
বুধবার সকালে ওই জমিতে কীটনাশক ছিটিয়ে ফেরার সময় নজরুল ইসলামের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে গুরুতর আহত আনিছুর রহমান ঘটনাস্থলেই মারা যান। এ সময় উভয় পক্ষের নয়জন আহত হন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রণাইল গ্রামের মৃত ওয়াহেদ আলী মণ্ডলের ছেলে ওসমান গনিকে আটক করা হয়েছে। আনিছুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
