শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বরগুনা জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তিনি পূজামণ্ডপগুলোতে পুলিশের গৃহীত নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে ডিআইজি বরগুনা সদর থানাধীন শ্রী শ্রী মদন মোহন জিউর আখড়াবাড়ী দুর্গামন্দির এবং আমতলী থানাধীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির পরিদর্শন করেন। এ সময় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে গৃহীত নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি নিয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ। আবহমানকাল থেকে এ দেশে ধর্ম-বর্ণনির্বিশেষে মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করে আসছে।
তিনি আশা প্রকাশ করেন, এবারের শারদীয় দুর্গাপূজা মহা-আড়ম্বর ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে। এ লক্ষ্যে বাংলাদেশ পুলিশ ইতোমধ্যে পর্যাপ্ত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান তিনি। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন ডিআইজি। এ সময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ দুর্গাপূজা উপলক্ষে বরগুনা জেলা পুলিশের গৃহীত নিরাপত্তাব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম (সেবা); অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খাঁন; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম; সহকারী পুলিশ সুপার (আমতলী সার্কেল) মো. তরিকুল ইসলাম মাসুদ; সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জগণ এবং জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
The post বরগুনায় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জের ডিআইজি appeared first on ভোরের চেতনা.
