ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা বাপ্পি চৌধুরী। এক সময় চলচ্চিত্রের পর্দায় নিয়মিত দেখা গেলেও গত কয়েক বছরে অভিনয়ে অনেকটাই অনিয়মিত। বর্তমানে পারিবারিক ব্যবসায় বেশি সময় দিচ্ছেন। পাশাপাশি জীবনের নতুন অধ্যায় শুরুর প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেতা। গত কয়েক দিন ধরে গুঞ্জন উড়ছে, বিয়ে করেছেন বাপ্পি চৌধুরী। বেশ কটি ছবি ও ভিডিওকে কেন্দ্র করে এই গুঞ্জনের সূচনা। কয়েক দিন আগে দুর্গাপূজায় এসব মুহূর্ত ধারণ করা হয়।
ছবি ও ভিডিওতে একজন নারীর পাশে দেখা যায় বাপ্পিকে। সামাজিক যোগাযোগমাধ্যমের একাধিক পেজ দাবি করেছে—বাপ্পির পাশের নারীটি তার স্ত্রী। বিয়ের খবরটি নিয়ে যখন চর্চা চলছে, তখন নীরবতা ভেঙেছেন বাপ্পি চৌধুরী। তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ার কিছু বিনোদনমূলক সাইট আমার ‘বউমণিকে’(বড় ভাইয়ের বৌ) আমার ‘স্ত্রী’ হিসেবে উল্লেখ করে গুজব ছড়াচ্ছে। যারা এমনটা করছেন, তাদের উদ্দেশ্যে বিনয়ের সঙ্গে বিষয়টি স্পষ্ট করতে চাই—এটি সঠিক নয়।’
শারদীয় দুর্গাপূজার দশমীর দিন রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দেবী দুর্গা দর্শন করেন বাপ্পি। এসময় তার সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরাও। সবাইকে নিয়ে দেবী দুর্গার বিদায়ী মুহূর্ত নাচে গানে রঙিন করে তোলেন এই নায়ক। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বলে জানান এই অভিনেতা। এ বিষয়ে বাপ্পি চৌধুরী বলেন, ‘পরিবারের সবার সঙ্গে মন্দিরে গিয়েছিলাম। বাবা, বড় ভাই, বড় ভাইয়ের বৌ, পরিবারের ছোট সদস্যরা সবাই ছিল। কিন্তু সেখানে আমার কোনো বৌ ছিল না। বিয়ে করলে সবাইকে জানিয়ে করব। নিজের বৌকে লুকিয়ে রাখব না।’
গত জুলাই মাসে ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন বাপ্পি চৌধুরী। এ আলাপচারিতায় বিয়ের পরিকল্পনাও জানান। এই নায়ক বলেন, ‘বিয়েটা এ বছর করে ফেলতে পারি। গোপনে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। সবাইকে জানিয়েই বিয়ে করব।’
২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় বাপ্পি চৌধুরীর। এরপর একের পর এক বাণিজ্যিক সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে—‘অন্যরকম ভালোবাসা’, ‘জটিল প্রেম’, ‘তবুও ভালোবাসি’, ‘অনেক সাধের ময়না’, ‘দবির সাহেবের সংসার’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘এপার ওপার’, ‘সুইটহার্ট’, ‘অনেক দামে কেনা’, ‘আমি তোমার হতে চাই’, ‘নায়ক’ প্রভৃতি।
