রাজধানীর আবদুল্লাহপুর এলাকা থেকে নিখোঁজের তিন দিন পার হলেও ভোলা জেলার মনপুরা উপজেলার বাসিন্দা মো. ফরহাদের (২৪) কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তাঁর পরিবারের সদস্যরা। ঘটনাটি নিয়ে স্বজনদের পক্ষ থেকে রাজধানীর উত্তরা পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম।
নিখোঁজ ফরহাদ ভোলার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত মো. মিরাজের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি কারখানার কর্মচারী হিসেবে কাজ করতেন।
পরিবার ও জিডি সূত্রে জানা যায়, গত রোববার (১১ অক্টোবর) দুপুর আনুমানিক ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুরের পূর্ব পাশ থেকে ফরহাদ নিখোঁজ হন। নিখোঁজের আগে তিনি ভোলায় নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে বাসে ওঠার কথা ফোনে পরিবারকে জানান। তবে রওনা দেওয়ার প্রায় এক ঘণ্টার মধ্যেই তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে আর কোনো যোগাযোগ করতে পারেননি।
ফরহাদের বড় ভাই মো. সাত্তার জানান, স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তাঁর কোনো হদিস পাননি।
উত্তরা পূর্ব থানার ওসি মো. মোরশেদ আলম জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। নিখোঁজ তরুণের সন্ধান পেতে পুলিশ চেষ্টা চালাচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
