মহাসড়কের পাশের ঝোপ থেকে ভেসে আসছিল বাচ্চার কান্নার শব্দ। স্থানীয় বাসিন্দারা ঝোপের গাছ সরাতেই দেখেন, একটি নবজাতক পড়ে রয়েছে। পরে পুলিশে খবর দিলে তারা এসে বাচ্চাটিকে উদ্ধার করে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর পাইন্দং এলাকার আমতল এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের পাশে এ ঘটনা ঘটে। তবে শুক্রবার বিকাল পর্যন্ত বাচ্চাটির কোনো অভিভাবক পাওয়া যায়নি। ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন নার্সের তত্ত্বাবধানে রাখা হয়েছে নবজাতকটিকে।
উদ্ধার হওয়া নবজাতকটি মেয়েশিশু। কারা তাকে ফেলে গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার পাশের ঝোপ থেকে শিশুটির কান্নার শব্দ আসছিল। পরে আমরা এগিয়ে নবজাতক দেখতে পাই। এরপর পুলিশকে জানালে তারা এসে উদ্ধার করে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, নবজাতকটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। শিশুটিকে কে বা কারা মহাসড়কের পাশে ফেলে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ডিজে
