The Sangbad · সাধারণ
শ্রীনগরে নিখোঁজ তিন স্কুলছাত্রী কক্সবাজারের হোটেলে উদ্ধার
১৮/১০/২০২৬

মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে কক্সবাজারের একটি হোটেল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে জেলা পুলিশ। অনলাইন গেম ‘ফ্রি ফায়ার’ ও ‘টিকটক’-এর মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে পারিবারিক অশান্তির জেরে তারা বাড়ি ছেড়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।রোববার (১৮ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।পুলিশ জানায়, শনিবার (১৭ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে কক্সবাজারের কলাতলী এলাকার ‘গ্র্যান্ড তাজ হোটেল অ্যান্ড রিসোর্ট’ থেকে ওই তিন ছাত্রীকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া তিন ছাত্রীর বয়সই ১৪ বছর। তাদের মধ্যে দুজন ভাগ্যকুল হরেন্দ্রনাথ স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং অন্যজন বালাসুরের দারুল উলুম মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। গত ১৪ অক্টোবর ভোর সাড়ে ৬টার দিকে প্রতিদিনের মতো বিদ্যালয়ে যাওয়ার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে স্বজনেরা। পরে ১৫ অক্টোবর নিখোঁজ এক ছাত্রীর মা শ্রীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।জিডির তদন্তে নেমে শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানতে পারেন, রাঙামাটির কোতোয়ালি এলাকার ১৬ বছর বয়সী এক কিশোরের সঙ্গে নিখোঁজ এক ছাত্রীর টিকটক ও ফ্রি ফায়ার গেমের মাধ্যমে পরিচয় হয়। ওই কিশোরের সঙ্গে যোগাযোগের সূত্র ধরেই তিন ছাত্রী বাড়ি থেকে বের হয়েছিল।
পরবর্তীতে পুলিশের একটি দল রাঙামাটিতে গিয়ে ওই কিশোরকে জিজ্ঞাসাবাদ করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ নিশ্চিত হয় যে, তিন ছাত্রী চট্টগ্রাম হয়ে কক্সবাজারে অবস্থান করছে। এরপর কক্সবাজারের কলাতলী এলাকার ওই হোটেলে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, তিন ছাত্রী নিজেদের নবম শ্রেণির শিক্ষার্থী পরিচয় দিয়ে মিরপুরের একটি ভুয়া ঠিকানা ব্যবহার করে তিন দিনের জন্য ২০ হাজার টাকায় হোটেলের একটি কক্ষ ভাড়া নেয়। এ ক্ষেত্রে কক্সবাজারের স্থানীয় এক অটোরিকশাচালক তাদের সহযোগিতা করেন।সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, উদ্ধারের পর জিজ্ঞাসাবাদে ছাত্রীরা জানিয়েছে যে পারিবারিক অশান্তি, বাবা-মায়ের মনোমালিন্য, কঠোর অনুশাসন ও প্রতিনিয়ত তুচ্ছতাচ্ছিল্যের শিকার হয়ে তারা মানসিকভাবে অতিষ্ঠ হয়ে পড়েছিল। এর জেরেই বাড়ি থেকে বেরিয়ে তারা ঢাকা ও চট্টগ্রাম হয়ে কক্সবাজার যায়। সেখান থেকে সীমান্ত পেরিয়ে পার্শ্ববর্তী দেশে যাওয়ার পরিকল্পনাও ছিল তাদের।
দ্রুত ও কার্যকর অভিযান পরিচালনা করে তিন ছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে স্বজনদের জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মূল প্রতিবেদনে যান ↗