বগুড়ার ধুনটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার লক্ষ্যে মথুরাপুর ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী আমেনা ময়েন অলোয়া মথুরাপুর আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলফিজুর রহমান স্বপন বলেন, “আগামী দিনের যেকোনো রাজপথের আন্দোলন-সংগ্রাম এবং সংগঠনকে পুনর্গঠিত করতে তৃণমূল কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। ত্যাগী, নিষ্ঠাবান ও সক্রিয় কর্মীদের যথাযথ মূল্যায়ন করে শিগগিরই মথুরাপুর ইউনিয়নের একটি শক্তিশালী কমিটি উপহার দেওয়া হবে।”
জেলা স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর সদস্য কে এম আবু বক্কারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাহবুবুর হক রঞ্জু।
বিশেষ অতিথির বক্তব্যে মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতা মাহবুবুর রহমান ফিরোজ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা মাহফুজার রহমান ও শাহ আলী, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মিশুক বাবু সম্রাট তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল মাহমুদ, ভান্ডারবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, গোসাইবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন মথুরাপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক বুলবুল আহমেদ রঞ্জু, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক নুর মোহাম্মদ তোতা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান আহমেদ দোয়েল, সদস্যসচিব রিজভী সাগর এবং স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল আহমেদ, সেলিম তালুকদার, আবির হোসেন নুহু, সোহানুর রহমান সোহাগ, রাকিবুল হাসান সুজন, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, রঞ্জু আহমেদ ও হাফিজুর রহমান হাফিজসহ স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
সম্মেলনের শেষ পর্যায়ে তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে শিগগিরই মথুরাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে আশ্বাস দেন নেতৃবৃন্দ।
The post ধুনটে মথুরাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত appeared first on ভোরের চেতনা.
