সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার প্রত্যয় নিয়ে ময়মনসিংহের ত্রিশালে উদযাপিত হয়েছে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
শনিবার (১৭ অক্টোবর) ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি খোরশেদুল আলম মুজিবের সভাপতিত্বে কেককাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।
ত্রিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ত্রিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম, এটিএম মনিরুজ্জামান, অধ্যাপক আলমগীর কবীর, রেজাউল করিম বাদল, সাবেক সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন, এ এসএম হোসাইন শহীদ, মতিউর রহমান সেলিম, মো. সেলিম, মামুনুর রশিদসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য প্রকাশ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরার মাধ্যমে সংবাদমাধ্যম সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দৈনিক কালবেলা প্রতিষ্ঠালগ্ন থেকে পাঠকের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার বিভিন্ন সামাজিক ও জাতীয় বিষয়ে জনমত গঠনে ভূমিকা রেখে চলেছে। পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটির এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করা হয়। পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও জনস্বার্থে সংবাদ পরিবেশনের মাধ্যমে কালবেলা ভবিষ্যতেও পাঠকের আস্থা ধরে রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।
