শারদীয় দুর্গাপূজার টানা ছুটি ও বিজয়া দশমীকে ঘিরে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজারে। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতসহ জেলার বিভিন্ন বিনোদনকেন্দ্র মুখরিত হয়ে উঠেছে পর্যটকদের পদচারণায়। সকাল থেকেই সমুদ্রসৈকত, মেরিন ড্রাইভ, হিমছড়ি, ইনানী ও পাটুয়ারটেকের পাথুরে সৈকত, মহেশখালীর আদিনাথ মন্দির, রামুর বৌদ্ধবিহার এবং শহরের বার্মিজ মার্কেটসহ বিভিন্ন দর্শনীয় স্থানে পর্যটকদের ভিড় দেখা গেছে। সব মিলিয়ে উৎসবের নগরীতে পরিণত হয়েছে কক্সবাজার।
হোটেল-মোটেল, রিসোর্টসহ পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতিমা বিসর্জনকে ঘিরে কক্সবাজারের হোটেল-মোটেল ও রিসোর্টগুলোর সব কক্ষ শতভাগ বুকিং রয়েছে। বর্তমানে সেখানে অন্তত লক্ষাধিক পর্যটক অবস্থান করছেন। বৃহস্পতিবারও সরকারি ছুটি থাকায় শনিবার পর্যন্ত পর্যটকদের এই ঢল অব্যাহত থাকতে পারে বলে আশা করছেন তাঁরা।
এদিকে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান ও বিপুলসংখ্যক পর্যটকের সমাগমকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার এবং পর্যটকদের হয়রানি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এমএস/
