গাজীপুর মহানগরের সদর থানার পশ্চিম ভুরুলিয়া লালমাটি এলাকায় এক অগ্নিকাণ্ডে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছে। শুক্রবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধদের প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাসিক সার্জরি ইনস্টিটিউটে রেফার করা হয়েছে।
দগ্ধরা হলেন- স্থানীয় মুদি ব্যবসায়ি রুবেলের স্ত্রী সুবর্ণা আক্তার ও তার সন্তান সাইয়ান (৬) ও সোয়াত (৪)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে পশ্চিম ভুরুলিয়া লালমাটি এলাকার রুবেলের টিনসেটের বসত বাড়িতে আগুন লাগে। বাড়ির লোকজন আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
জয়দেবপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে এক ঘন্টার চেষ্টা আগুন নেভায়। এদিকে আগুনে গৃহকর্তার স্ত্রী ও দুই সন্তান দগ্ধ হয়। তাদের উদ্ধার করে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। পরে সেখান থেকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাসিক সার্জরি ইনস্টিটিউটে রেফার করা হয়েছে।
জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান, অগ্নিকাণ্ডে টিনসেটের সেমিপাকা ওই বসতবাড়ির পাঁচটি কক্ষে থাকা দুইটি মোটরসাইকেল, টিভি, ফ্রিজ আসবাবপত্রসহ অন্যান্য মালামাল পুড়েছে। বৈদুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত কারণ নিরুপণ করা যাবে।
এক প্রশ্লের জবাবে ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, দগ্ধ হওয়ার কথা শুনেছি। ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
