ল্যাপটপ বণ্টন এবং সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
ফেসবুক স্ট্যাটাসে ফয়সল আলিম লেখেন, ‘ল্যাপটপগুলি ভাগাভাগি করে নিজেদের মধ্যে খেয়ে ফেললেন। বিগত ছয় মাসে ২০ থেকে ৩০ শতাংশ করে খাওয়া শেষ, এখন আর কিছুই নাই খাওয়ার মতো, কারণ খাওয়া স্থগিত হয়ে গেছে।’
সার ডিলার নিয়োগ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার অভিযোগ, নিয়োগের ক্ষেত্রে নির্যাতিত নেতাকর্মীরা সুযোগ পাননি; বরং প্রভাবশালীদের আত্মীয়স্বজনকে প্রাধান্য দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘সারের ডিলারশিপ এমনভাবে দিলেন, যাতে নির্যাতিত নেতাকর্মীরা কেউ সুযোগ পেল না। আত্মীয়স্বজন, স্ত্রী, ভাই, ছেলে, মেয়ে, শাশুড়ি কাউকে বাদ রাখলেন না।’
স্ট্যাটাসের শেষাংশে ফয়সল আলিম লেখেন, ‘আমি তো অবাক নয়নে দেখে যাচ্ছি, আমাদের জয়পুরহাটের কী হবে।’
তার পোস্টের মন্তব্যের ঘরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা প্রতিক্রিয়া জানান। কেউ তার বক্তব্যের প্রতি সমর্থন জানান, আবার কেউ শুধু অভিযোগ তোলার পরিবর্তে নেতাকর্মীদের জন্য কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানান।
পুরানাপৈল ইউনিয়নের বিএনপি কর্মী উজ্জ্বল হোসাইন মন্তব্যে লেখেন, ‘এসব বলার চাইতে আপনে কিছু করে দেখান ভাই।’ দলের অনেক নেতাকর্মী হতাশায় ভুগছেন উল্লেখ করে তাদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।
অন্যদিকে ‘দোলন’ নামের একটি ফেসবুক আইডি থেকে করা মন্তব্যে দলীয় কর্মকাণ্ডে তোষামোদ ও আনুগত্যের গুরুত্ব পাওয়ার সমালোচনা করা হয়। পোস্টের অন্যান্য মন্তব্যেও দলীয় নেতৃত্ব, নেতাকর্মীদের মূল্যায়ন এবং সাংগঠনিক সুযোগ পাওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কেউ কেউ।
ফেসবুক স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে ফয়সল আলিম বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেন না। তাই এসব অনিয়মের বিরুদ্ধে আমি সোচ্চার থাকব এবং অনিয়মগুলো তুলে ধরবই।’
সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ পুনর্ব্যক্ত করে তিনি প্রশ্ন তোলেন, তার নির্যাতিত নেতাকর্মীদের কেন ডিলার নিয়োগ দেয়া হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন মুঠোফোনে বলেন, ‘ফয়সল আলিমের ফেসবুক স্ট্যাটাসের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত।’ তিনি আরও দাবি করেন, ফয়সল আলিম যেসব অনিয়মের কথা বলেছেন, সেগুলো সত্য নয়।
