ভোলার চরফ্যাশন উপজেলায় মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা চলাকালে পুলিশের অভিযানে ২০০ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়েছে। পরে এসব মাছ স্থানীয় নয়টি মাদরাসা ও এতিমখানা এবং গরিব-দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।
সোমবার সকালে উপজেলার চরমানিকা ইউনিয়ন পরিষদের সামনে এ অভিযান চালায় দক্ষিণ আইচা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞার মধ্যে চর কুকরি-মুকরি এলাকা থেকে মা ইলিশ পরিবহনের খবর পেয়ে চরমানিকা ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালানো হয়। এ সময় ২০০ কেজি মা ইলিশ উদ্ধার করে পুলিশ।
পরে উপজেলা মৎস্য বিভাগের উপসহকারী কর্মকর্তা হারুন অর রশিদের উপস্থিতিতে উদ্ধার করা মাছ স্থানীয় নয়টি মাদরাসা ও এতিমখানা এবং গরিব-দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির মাছ বিতরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নিষেধাজ্ঞার সময়ে মাছ আহরণ, পরিবহন ও বিক্রি বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।
