খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদক সেবনের দায়ে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে উপজেলার আলমপুর ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ অভিযান পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার ফাজিলপুর সেরমস্ত টিনওয়ালাপাড়ার মকবার হোসেনের ছেলে হামিদুল ইসলাম (৫০), একই এলাকার মজিবর রহমানের ছেলে মোকছেদ ইসলাম (২৫) এবং দোয়ালীপাড়া চিকলিহাটের সমসের আলীর ছেলে আব্দুল রাজ্জাক (৫১)।
মাদক সেবনের অপরাধে হামিদুল ইসলামকে ছয় মাস, মোকছেদ ইসলামকে এক মাস এবং আব্দুল রাজ্জাককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে অর্থদণ্ডও দেওয়া হয়।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানের সময় তারাগঞ্জ থানার একটি দল আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাববর হোসেন জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সানা/আপ্র/১২/১০/২০২৬
