যশোর অফিস : যশোর শহরের আশ্রম রোড এলাকায় একটি মুদি দোকানের টিনের ছাউনি কেটে নগদ টাকা ও বিভিন্ন পণ্য চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে ‘মা টি স্টোর অ্যান্ড ভ্যারাইটিজ স্টোর’ নামের দোকানটিতে এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, চোরেরা নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
দোকান মালিক আহাদ আলীর স্ত্রী পপি বেগম জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে চলে যান তার স্বামী। পরদিন মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৬টার দিকে দোকান খুলতে এসে ভেতরে মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে ওপরে তাকিয়ে টিনের ছাউনি কাটা দেখতে পান তিনি।
ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, দোকানের ক্যাশ বাক্সে রাখা নগদ ৭০ হাজার টাকা, প্রায় ১৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, একটি ইলেকট্রিক চুলা, সাবান, ডিটারজেন্ট পাউডারসহ বিভিন্ন পণ্য চুরি হয়েছে। সব মিলিয়ে চুরি যাওয়া মালামালের মূল্য প্রায় দুই লাখ টাকা বলে দাবি তাদের।
ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও আশপাশের ব্যবসায়ীদের বিষয়টি জানানো হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় গিয়ে লিখিত অভিযোগ দেওয়ার কথাও জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
তবে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, “এখনো পর্যন্ত এ-সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ থানায় আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

