চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) যান্ত্রিক বিভাগে ডিজেল পাচারের চেষ্টার অভিযোগে দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ, দায়ীদের ভূমিকা ও আর্থিক ক্ষয়ক্ষতি নিরূপণে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ।
বরখাস্ত হওয়া দুই কর্মচারী হলেন ভান্ডাররক্ষক মাহমুদুর রহমান মান্না ও সিনিয়র স্টোরম্যান সঞ্জয় কুমার দে। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।
বন্দর সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর যমুনা অয়েল থেকে চট্টগ্রাম বন্দরের জোনাল ওয়ার্কশপ-ডির জন্য ১৮ হাজার লিটার ডিজেল সরবরাহ করা হয়। এর মধ্যে ১৩ হাজার ৭৪৪ লিটার ওয়ার্কশপের ফুয়েল ট্যাংকে রাখা হয়। বাকি ৪ হাজার ২৫৬ লিটার ডিজেল নিয়ে বন্দরের সংরক্ষিত এলাকা থেকে বের হওয়ার চেষ্টা করা হলে তা জব্দ করা হয়।
জানা গেছে, বন্দরের অভ্যন্তরে ১ নম্বর গেটসংলগ্ন কেমিক্যাল শেডের বিপরীত পাশে ডিজেলগুলো জব্দ করে বন্দরে নিয়োজিত নৌবাহিনীর গোয়েন্দা সংস্থার সদস্যরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাহমুদুর রহমান মান্না ও সঞ্জয় কুমার দেকে সাময়িক বরখাস্ত করে অফিস আদেশ জারি করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মির্জা রাকিবুল ইসলাম।
ঘটনার বিস্তারিত অনুসন্ধান ও দায়দায়িত্ব নির্ধারণে গঠিত চার সদস্যের তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে যান্ত্রিক বিভাগের জোন-সির নির্বাহী প্রকৌশলীকে। কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র পারসোনেল অফিসার (আইআর), সিনিয়র অডিট অফিসার এবং নিরাপত্তা অফিসার (প্রশাসন)। তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
