ইরানের ওপর নতুন করে সামরিক হামলার পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন যেকোনো সময়, এমনকি আজ রোববারও তেহরানে হামলা চালাতে পারে। তবে একই সঙ্গে ইরানের সঙ্গে বড় ও সুন্দর একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনাও খোলা রেখেছেন তিনি।
শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সম্ভাব্য হামলা নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে ভাবছি, হয়তো রবিবারই হতে পারে।’ এ সময় তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, ‘আপনারা কি আসলেই মনে করেন আমি আপনাদের বলে দেব যে আমি এটা করতে যাচ্ছি কি না?’
তবে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছালে ইরান সামরিক পদক্ষেপ এড়াতে পারে। তাঁর ভাষ্য, ‘তারা একটি চুক্তি করতে চায়, কিন্তু সমস্যা হলো তারা কি চুক্তি টিকিয়ে রাখবে?’
মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখাই তাঁর মূল লক্ষ্য। এর আগে বি-২ বোমারু বিমান দিয়ে চালানো মার্কিন অভিযান দীর্ঘমেয়াদি ফলাফলের নিশ্চয়তা দিতে পারত না উল্লেখ করে তিনি বলেন, ‘আমাকে এটি স্থায়ীভাবে সমাধান করতে হবে। এটাই একমাত্র কারণ, যার জন্য আমি এটি করছি।’
সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও দাবি করেন, যুদ্ধ শুরুর আগের তুলনায় হরমুজ প্রণালি দিয়ে তেলের চালান বেড়েছে। তবে এ বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট পরিসংখ্যান দেননি।
আগামী দিনে কী ঘটতে পারে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না জানিয়ে সামরিক পদক্ষেপ ও আলোচনার দুই পথই খোলা রেখেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমাকে বিষয়টি শেষ করে দিতে হতে পারে, অথবা হয়তো তারা একটি চুক্তি করবে। তবে আমি নিশ্চিত নই। যেকোনো উপায়েই হোক, আমরাই জিতব।’
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে শুরু হওয়া যুদ্ধ মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক সংঘাতে রূপ নেয়। পরবর্তী সময়ে যুদ্ধবিরতি ও শান্তিচুক্তি চূড়ান্ত করার বিষয়ে সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যের সংকট এখনো অমীমাংসিত রয়েছে।
এমএমটি
-20261025040316.jpg&w=1440&q=75)