মৌলভীবাজার২৪ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা ঘিরে সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। পূজামণ্ডপের নিরাপত্তা জোরদারের পাশাপাশি সীমান্ত দিয়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও মাদক পাচার প্রতিরোধেও সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) জানায়, সীমান্তবর্তী আট কিলোমিটার এলাকার পাঁচটি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে ২৪টিসহ মোট ১০৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বিজিবির কর্মকর্তারা। এ সময় নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করা হয়।
পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি। পাশাপাশি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ ছাড়া সীমান্ত দিয়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অন্যান্য অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপনে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে ৪৬ বিজিবি।
