শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় পূজামণ্ডপে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়া ভিডিপি সদস্য মোছা. পারভীন বেগম (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও চিকিৎসকদের দেওয়া মৃত্যুসনদে তাঁর মৃত্যুর কারণ হিসেবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তবে চিকিৎসায় কোনো অবহেলা বা ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতে জেলা স্বাস্থ্য বিভাগকে জানিয়েছে আনসার ও ভিডিপি কর্তৃপক্ষ।
সোমবার (১৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কমান্ড্যান্ট আবু সোলায়মান (বিভিএমএস)। এর আগে রোববার সকালে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পারভীন।
নিহত পারভীন বেগম গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের কিশামত বড়বাড়ি গ্রামের মফিজল হকের মেয়ে। তিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্য ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিজ এলাকার কিশামত বড়বাড়ি সর্বজনীন দুর্গামন্দিরে পূজার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন পারভীন। গত শনিবার দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ বোধ করলে তিনি বিষয়টি প্লাটুন কমান্ডারকে (পিসি) জানান। এরপর বাড়িতে ফিরে যান তিনি।
বাড়িতে ফেরার পর থেকেই তাঁর পাতলা পায়খানা ও বমি শুরু হয়। অল্প সময়ের মধ্যে শারীরিক অবস্থার অবনতি হলে বিকেলের দিকে পরিবারের সদস্যরা তাঁকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন রোববার সকালে তাঁর মৃত্যু হয়।
গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কমান্ড্যান্ট আবু সোলায়মান পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, ‘পারভীন বেগম আমাদের একজন নিবেদিতপ্রাণ ভিডিপি সদস্য ছিলেন। পরিবারের বরাতে জানতে পেরেছি, তিনি পাতলা পায়খানা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে বিষয়টি অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জানানো হয়নি। চিকিৎসকদের দেওয়া ডেথ সার্টিফিকেটে বলা হয়েছে তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।’
তিনি আরও বলেন, ‘হাসপাতালে তাঁর চিকিৎসায় কোনো অবহেলা বা ত্রুটি ছিল কি-না, সে বিষয়ে আমরা জেলার সিভিল সার্জনকে অবগত করেছি। তিনি একটি তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।’
এদিকে সহকর্মী পারভীন বেগমের অকালমৃত্যুতে গভীর শোক জানিয়েছে আনসার ও ভিডিপি পরিবার। জেলা কমান্ড্যান্ট জানান, নিহতের শোকসন্তপ্ত পরিবারের হাতে বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এ বছর গাইবান্ধা জেলার ৬৩২টি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। এসব মণ্ডপের নিরাপত্তায় ৪ হাজার ২ জন আনসার ও ভিডিপির নারী-পুরুষ সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতিটি মণ্ডপে দুজন করে নারী সদস্য নিয়োজিত রয়েছেন। দায়িত্ব পালনকালে পারভীনের এমন আকস্মিক মৃত্যুতে পুরো বাহিনীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এমএ
