ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ওই গ্রামের ক্যাম্পপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- ওই গ্রামের বাবু মিয়ার ছেলে নাহিয়ান (৪) ও আশিকুর রহমানের মেয়ে হুমাইরা খাতুন (৩)। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।
পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বাড়ির পাশে খেলছিল শিশু দুটি। একপর্যায়ে খেলতে গিয়ে তারা বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। এদিকে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। দুপুরের দিকে ডোবার পানিতে প্রথমে হুমায়রার মরদেহ ভেসে ওঠে। বিষয়টি তার দাদি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন। পরে ডোবায় নেমে খোঁজাখুঁজি করে নাহিয়ানের মরদেহও উদ্ধার করেন তাঁরা।
যাদবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাবেয়া খাতুন জানান, ওই দুই শিশু দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাদের খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ডোবায় তাদের ভাসতে দেখে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, বাড়ির পাশে খেলতে গিয়ে হুমায়রা ও নাহিয়ান অসাবধানতাবশত ডোবার পানিতে পড়ে যায়। প্রাথমিকভাবে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
