শামীম আহমেদ টিটো:
বাংলাদেশ স্কাউটস যশোর জেলা রোভারের আয়োজনে যশোরে ডে ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) যশোর পৌর পার্কে আয়োজিত এ ক্যাম্পে জেলার ৪৩টি কলেজের ৩৩১ জন রোভার ও গার্ল-ইন-রোভার এবং ৪৩ জন রোভার নেতা অংশগ্রহণ করেন।
ক্যাম্পে বিদ্যুৎ সাশ্রয়, ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় রোভারদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা রোভারের সহসভাপতি অধ্যক্ষ এ জেড ইকবাল হোসেন। প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোভার অঞ্চলের সাবেক সহসভাপতি সৈয়দ আযহারুল ইসলাম, রোভার অঞ্চলের সহসভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম, পিবিআইয়ের পুলিশ সুপার রেক্সোনা, অধ্যক্ষ তরিকুল ইসলাম ও অধ্যক্ষ জয়ন্ত কুমার বিশ্বাস।
অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোর জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ।
আলোচনায় বক্তারা বিদ্যুৎ সাশ্রয়ের গুরুত্ব, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় রোভারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
ক্যাম্পে বিভিন্ন শিক্ষামূলক আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে রোভারিংয়ের সামাজিক দায়িত্ব ও মানবিক মূল্যবোধ তুলে ধরা হয়। একই সঙ্গে সমাজসেবামূলক কর্মকাণ্ডে রোভার ও গার্ল-ইন-রোভারদের আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
