শারদীয় দুর্গাপূজা অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার আরও বেশি আনন্দ, উৎসব ও জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান। তিনি জানান, সনাতন ধর্মাবলম্বীরা যাতে পূর্ণ নিরাপদে ও নিশ্চিন্তে পূজা উদযাপন করতে পারেন, সেজন্য সরকার ও বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হচ্ছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। পরিদর্শনের অংশ হিসেবে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে শারদীয় শুভেচ্ছা স্বরূপ শাড়ী বিতরণ করেন তিনি।
অনুদান বৃদ্ধির বিষয়ে হেলেন জেরিন খান বলেন, প্রধানমন্ত্রী এবার দুর্গাপূজাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। আগে যেখানে সারা দেশের পূজামণ্ডপগুলোর জন্য মাত্র ৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হতো, সেখানে এবার ১ কোটি টাকা বাড়িয়ে মোট অনুদান বৃদ্ধি করা হয়েছে।
তিনি জানান, প্রশাসনের পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও বিভিন্ন টিম গঠন করে মন্দিরগুলোতে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। সরকারের তরফ থেকে যেমন প্রতিটি মন্দিরে ৬০০ কেজি করে চাল বরাদ্দ ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, তেমনি যেসব মন্দিরে এখনো অনুদান পৌঁছায়নি, সেখানে বিএনপির পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।
সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে তিনি আরও বলেন, বিএনপির নীতি হলো— ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা হিন্দু-মুসলিম ভাই-ভাই হিসেবে এক পরিবার হয়ে বসবাস করতে চাই। বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে নিজ নিজ উৎসব পালন করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে।
একই সময়ে পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। তিনি বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং উৎসব উদযাপনে সহায়তার জন্য নিজস্ব তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নুর জামাল খসরু, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল মোল্যা, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর এবং পৌর বিএনপির দপ্তর সম্পাদক ফারুক হোসেন কাজলসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
