প্রথম দিনেই ১২৫ কোটির ঘরে ‘জেলার ২’
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পিএম
ছবি: সংগৃহীত
-->দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার রজনীকান্তের নতুন সিনেমা ‘জেলার ২’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। বিশ্বব্যাপী সিনেমাটির আয় ছাড়িয়েছে ১২৫ কোটি রুপি। তবে বিপুল এই সাফল্যের পরও নিজের অভিনীত আগের সিনেমা ‘কুলি’র প্রথম দিনের আয়ের রেকর্ড ভাঙতে পারেনি সিনেমাটি।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে দেখা গেছে ব্যাপক আগ্রহ। বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে প্রথম দিনের আয় ৫৯ কোটি ৭০ লাখ রুপি। করসহ মোট আয় দাঁড়িয়েছে ৭০ কোটি ২৫ লাখ রুপি। এদিন দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটির ১৬ হাজার ৫৯৯টি শো প্রদর্শিত হয়েছে।
অন্যদিকে, রজনীকান্ত অভিনীত ‘কুলি’ মুক্তির প্রথম দিনে শুধু ভারতেই ৬৫ কোটি রুপি আয় করেছিল। ফলে তার ক্যারিয়ারের সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ডটি এখনো ‘কুলি’র দখলেই রয়েছে।
তবে ভারতের বাইরের বাজারে ভালো ব্যবসা করেছে ‘জেলার ২’। প্রথম দিনের হিসাব অনুযায়ী, আন্তর্জাতিক বাজার থেকে সিনেমাটির আয় ৫৫ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী এর গ্রস কালেকশন পৌঁছেছে ১২৫ কোটি ২৫ লাখ রুপিতে।
ভাষাভিত্তিক আয়ের হিসাবে সবচেয়ে এগিয়ে রয়েছে তামিল সংস্করণ। ৯ হাজার ৩২৬টি শো থেকে এ সংস্করণের আয় ৪৩ কোটি ৩৫ লাখ রুপি। দ্বিতীয় অবস্থানে থাকা তেলুগু সংস্করণ ২ হাজার ৭৯২টি শো থেকে আয় করেছে ১২ কোটি ৫০ লাখ রুপি।
এদিকে, উত্তর ভারতের বাজারে হিন্দি সংস্করণ মুক্তি নিয়ে ওটিটি উইন্ডো সংক্রান্ত জটিলতার প্রভাব পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপরও ৪ হাজার ৩৭১টি শো থেকে হিন্দি সংস্করণের আয় ৩ কোটি ৫০ লাখ রুপি। কন্নড় সংস্করণ থেকে এসেছে আরও ৩৫ লাখ রুপি। ফলে প্রথম দিনের আয়েই বিশ্বব্যাপী বড় অঙ্কের ব্যবসা করায় সিনেমাটি নিয়ে প্রত্যাশাও বেড়েছে। এখন দেখার বিষয়, পরবর্তী দিনগুলোতে এই ধারাবাহিকতা ধরে রেখে ‘জেলার ২’ রজনীকান্তের নিজের বক্স অফিস রেকর্ডের আরও কাছে পৌঁছাতে পারে কি না।
আরও পড়ুন
শাকিবের ‘সোলজার’ মুক্তি নিয়ে অনিশ্চয়তা
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২১ পিএম
ছবি: সংগৃহীত
-->শাকিব খান অভিনীত সিনেমা ‘সোলজার’। চলতি বছরের ডিসেম্বরে সিনেমাটি মুক্তির কথা থাকলেও অনিশ্চয়তা দেখা দিয়েছে। কারণ ৯ দিনের শুটিং এখনো বাকি রয়েছে। গত বছরের অক্টোবরে আড়াই মিনিটের একটি ভিডিও প্রকাশ করে ডিসেম্বরে সিনেমাটি মুক্তির প্রাথমিক ঘোষণা দেওয়া হয়েছিল।
চলচ্চিত্র সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, বেশ কয়েকবার শিডিউল চূড়ান্ত করেও বাকি অংশের শুটিং শুরু করতে পারেনি প্রযোজনা প্রতিষ্ঠান। ঠিক সেই সময় ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ও ‘রকস্টার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন শাকিব। ঈদুল আজহায় ‘রকস্টার’ মুক্তির পর কাজ শুরুর কথা থাকলেও নানা জটিলতায় তা হয়নি। এরপর ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শাকিব। সেখানে প্রায় দুই মাস কাটিয়ে গত আগস্টে দেশে ফিরে ‘সোলজার’-এর বাকি অংশের শুটিং শেষ করার পরিকল্পনা থাকলেও ক্যামেরার সামনে দাঁড়ায়নি শাকিব খান।
এদিকে শুটিং আটকে থাকার নেপথ্যে কলাকুশলীদের বকেয়া সম্মানীর বিষয়টিও উঠে এসেছে। তবে অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন সিনেমার নির্বাহী প্রযোজক মৌমিতা হোসাইন। পারিশ্রমিক না দেওয়ার বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ‘সম্মানীর যে কথা উঠেছে, এটা তো ভুল। শিল্পী-কলাকুশলীদের সম্মানী তো ছবির শুটিং শেষ হওয়ার আগে পরিশোধের বিষয় নয়। এখনো তো সিনেমার শুটিংই শেষ হয়নি।’
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান। চলতি মাসের শেষে তার দেশে ফেরার কথা রয়েছে। কিন্তু দেশে ফেরার পর নভেম্বরের প্রথম থেকে শুরু হতে পারে আগামী বছরের ঈদুল ফিতরের সিনেমা ‘নিঃস্ব’-এর কাজ। এরপর ঈদুল আজহার সিনেমা ‘মহব্বত’-এর শুটিংয়েও ব্যস্ত হয়ে পড়ার কথা রয়েছে তার। ফলে চলতি বছরের ডিসেম্বরে মুক্তির সম্ভাবনা ক্ষীণ হয়েছে ‘সোলজার’।
দেশপ্রেম এবং সমাজের ভিন্ন ধারার গল্প নিয়ে নির্মিত সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার আলোচিত অভিনেত্রী তানজিন তিশা। আরও অভিনয় করছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, অভিনেতা এবিএম সুমন প্রমুখ।
আরও পড়ুন
বিশ্বমঞ্চে প্রিয়াঙ্কার নতুন অর্জন
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
-->হলিউডে আবারও আলোচনায় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ফ্যাশনের মঞ্চে গোলাপি পোশাকে আভিজাত্যের ছাপ, আর অর্জনের খাতায় নতুন স্বীকৃতি পেয়েছেন এই তারকা। ১৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ইনস্টাইল ইমেজমেকার অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘ওম্যান অব ইমপ্যাক্ট’ সম্মাননা পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে তার এই সাফল্যের গল্প শুধু গ্ল্যামার আর পুরস্কারের নয়; এর আড়ালে রয়েছে ব্যক্তিগত সংকট, সম্পর্কের ভাঙন, পেশাগত প্রতিকূলতা এবং ঘুরে দাঁড়ানোর দীর্ঘ লড়াই।
২০০০ সালে মাত্র ১৮ বছর বয়সে মিস ওয়ার্ল্ডের মুকুট জিতেছিলেন প্রিয়াঙ্কা। এরপর বলিউডে নিজের অবস্থান শক্ত করে পাড়ি জমান হলিউডে। অভিনয়ের পাশাপাশি যুক্ত হন চলচ্চিত্র প্রযোজনায়ও। দীর্ঘ ২৫ বছরের পথচলায় ভারতীয় বিনোদনজগতের পরিচিত মুখ থেকে আন্তর্জাতিক তারকায় পরিণত হয়েছেন তিনি। বিশ্বমঞ্চে নিজের পরিচিতি গড়ে তোলার পাশাপাশি নানা প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে যাওয়ার গল্পও হয়ে উঠেছে তার জীবনযাত্রার অংশ।
এবারের অনুষ্ঠানে প্রিয়াঙ্কার উপস্থিতি নজর কেড়েছে তার ব্যতিক্রমী ফ্যাশন। রোমান্টিক গোলাপি রঙের দুই অংশের পোশাকে লালগালিচায় হাজির হন তিনি। ফ্যাশন ব্র্যান্ড মাতিয়ের ফেকালের স্প্রিং ২০২৭ রেডি-টু-ওয়্যার কালেকশনের পোশাকটিতে ছিল গভীর নেকলাইন, প্যাডেড স্লিট হাতা এবং শরীরের সঙ্গে মানানসই পেনসিল স্কার্ট। পোশাকজুড়ে সূক্ষ্ম সোনালি এমব্রয়ডারি যোগ করেছে আভিজাত্যের ছোঁয়া। গোলাপি রঙের কোমলতা ও নকশার ব্যতিক্রমী বৈশিষ্ট্য মিলিয়ে তার সাজে তৈরি হয়েছে স্বতন্ত্র আবেদন।
পোশাকের সঙ্গে স্কয়ার-টো থং স্যান্ডেল ও ছোট স্টাড কানের দুল বেছে নিয়েছিলেন প্রিয়াঙ্কা। চুলে ছিল গভীর সাইড পার্টসহ বাউন্সি ব্লো-ড্রাই। অতিরিক্ত অনুষঙ্গের ভিড় না বাড়িয়ে পোশাকের রং ও নকশাকেই প্রাধান্য দিয়েছেন তিনি। সব মিলিয়ে তার সাজে ফুটে উঠেছে আধুনিকতা ও আভিজাত্যের বর্ণিল মেলবন্ধন। তবে এবারের আয়োজনে তার অর্জন শুধু ফ্যাশনের আলোচনায় সীমাবদ্ধ থাকেনি। হলিউডে প্রচলিত স্টেরিওটাইপ ভাঙা, নারীদের কণ্ঠস্বরকে শক্তিশালী করা এবং তাদের জন্য নতুন সুযোগ তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে দেওয়া হয়েছে ‘ওম্যান অব ইমপ্যাক্ট’ সম্মাননা।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালে এই সম্মাননা পেয়েছিলেন অভিনেত্রী লরা ডার্ন। ২০২৪ সালে এই স্বীকৃতি পেয়েছিলেন অলিভিয়া মান। ইনস্টাইল ইমেজমেকার অ্যাওয়ার্ডসের মূল উদ্দেশ্য চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত, খেলাধুলা ও সংস্কৃতির তারকাদের পরিচিত লুক তৈরির পেছনে থাকা সৃজনশীল মানুষদের সম্মান জানানো। স্টাইলিস্ট, মেকআপ আর্টিস্ট, হেয়ারস্টাইলিস্ট ও নেল আর্টিস্টদের মতো পেশাজীবীদের অবদানকে গুরুত্ব দেয় এই আয়োজন। এবারের অনুষ্ঠানে প্রিয়াঙ্কা ছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডাম ড্রাইভার, মেগান থি স্ট্যালিয়ন, এলিজাবেথ ডেবিকি, জোয়ি কিং, সিমু লিউ, লিসা রিনা ও আনা ক্যাথকার্টের মতো তারকারা।
আরও পড়ুন
আলিয়াকে বাড়তি সুবিধা, বিতর্কে করণ জোহর
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পিএম
ছবি: সংগৃহীত
-->বলিউডে স্বজনপ্রীতি নিয়ে আলোচনা উঠলেই ঘুরেফিরে আসে করণ জোহর ও আলিয়া ভাটের নাম। করণের হাত ধরেই বড় পর্দায় অভিষেক আলিয়ার। এরপর তার প্রযোজনা ও পরিচালনায় একাধিক সিনেমায় কাজ করেছেন এই অভিনেত্রী। সম্পর্কের সূত্র ধরেই আলিয়াকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে করণের বিরুদ্ধে। এবার সেই বিতর্কে নিজের অবস্থান জানালেন বলিউডের এই নির্মাতা।
সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমের এক পর্বে উঠে আসে প্রসঙ্গটি। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী কারিশমা কাপুর। আড্ডার একপর্যায়ে করণকে প্রশ্ন করার দায়িত্ব নেন কারিশমা। স্বজনপ্রীতি নিয়ে দীর্ঘদিনের বিতর্কের প্রসঙ্গ টেনে তিনি জানতে চান, অনুষ্ঠানে কোন শব্দটি সবচেয়ে বেশি ব্যবহার করার জন্য নিজেকে দায়ী মনে করেন করণ, ‘কনজেকচার’, ‘নেপোটিজম’ নাকি ‘আলিয়া ভাট’? প্রশ্নটি শুনে করণ জানান, আলিয়াকে ঘিরে স্বজনপ্রীতির অভিযোগ নিয়ে অনুমাননির্ভর আলোচনা তাকে বিব্রত করে। তার বক্তব্যে স্পষ্ট, আলিয়ার সঙ্গে ব্যক্তিগত ঘনিষ্ঠতা থাকলেই অভিনেত্রীকে অন্যদের তুলনায় বাড়তি সুবিধা দেওয়া হয়েছে, এমন ধারণার সঙ্গে তিনি একমত নন।
২০১২ সালে করণ জোহরের পরিচালনায় ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন আলিয়া। তার সঙ্গে অভিনয় করেছিলেন বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রা। অভিষেকের পর থেকে আলিয়ার ক্যারিয়ারে করণের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ‘টু স্টেটস’, ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ও ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র মতো সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
এই দীর্ঘ পেশাগত সম্পর্কই বারবার স্বজনপ্রীতির বিতর্ককে উসকে দিয়েছে। বলিউডে তারকা সন্তানদের সুযোগ পাওয়া নিয়ে যখন প্রশ্ন ওঠে, তখন আলিয়ার দ্রুত পরিচিতি ও বড় নির্মাতাদের সঙ্গে কাজের সুযোগও আলোচনায় আসে। সমালোচকদের একাংশের ধারণা, ইন্ডাস্ট্রিতে পরিচিতি ও প্রভাব অনেক সময় নতুনদের তুলনায় তারকাসন্তানদের এগিয়ে রাখে।
আরও পড়ুন
আজ ‘এভাবেও প্রেম আসে’
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পিএম
ছবি: সংগৃহীত
-->নাগরিক জীবনের ব্যস্ততা, টানাপোড়েন আর নানা পরিস্থিতির মাঝেই হুট করে কড়া নাড়তে পারে নতুন কোনো অনুভূতি। ঠিক তেমনি এক নিখাদ ও মনছোঁয়া প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘এভাবেও প্রেম আসে’। ইমপ্রেস টেলিফিল্ম লি: এর প্রযোজনা ও সানজিদ খান প্রিন্স’র পরিচালনায় বিশেষ টেলিফিল্মটি আজ (১৬ অক্টোবর) দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে। পারভেজ ইমাম রচিত রোমান্টিক ও কমেডি নির্ভর টেলিফিল্মটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার ও নুসরাত আফরিন ইউমনা। নির্মাতা সানজিদ খান প্রিন্স বলেন, ‘টেলিফিল্মটির মূল আকর্ষণ এর সহজ-সরল অথচ গভীর জীবনমুখী গল্প। সমসাময়িক নাগরিক জীবনের ব্যস্ততা, টানাপোড়েন আর ভুল বোঝাবুঝির আড়ালে কীভাবে দুটি মন কাছাকাছি আসে এতে তাই ফুটিয়ে তোলা হয়েছে। আশা করছি, টেলিফিল্মটি দর্শক পছন্দ করবেন।’
টেলিফিল্মটির অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেছেন আজম খান, হারুন রশিদ বান্টি, সিয়াম নাসির, জাস মান্নাত, মো. আনোয়ার হোসেন এবং শিশু শিল্পী আয়াত প্রমুখ।
