ফরিদপুরের আলফাডাঙ্গায় এক ব্যতিক্রমী অভিভাবক সমাবেশ ও মেধা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সেখানে মঞ্চে সুন্নাহভিত্তিক দাফন-কাফন ও বিবাহ সম্পাদনের সঠিক পদ্ধতি হাতে-কলমে প্রদর্শন করেছে মাদ্রাসার একদল ক্ষুদে শিক্ষার্থী।
রোববার সকালে আলফাডাঙ্গা পৌর এলাকার ইশাপাশা কাদেরিয়া হাফেজিয়া নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে এ অভিভাবক সমাবেশ ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিশুদের সুনিপুণ উপস্থাপনা ও মেধার এমন বহিঃপ্রকাশ দেখে মুগ্ধ হয়েছেন উপস্থিত অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীরা কেবল সুন্নাহভিত্তিক দাফন-কাফন ও বিয়ের অনুকরণীয় মঞ্চনাটকই প্রদর্শন করেনি। পাশাপাশি মনোমুগ্ধকর কোরআন তিলওয়াত ও হামদ-নাত পরিবেশন করে। এ ছাড়া আরবি ও বাংলা সুন্দর হাতের লেখা প্রদর্শনীসহ সাধারণ শিক্ষার অংশ হিসেবে বাংলা ও ইংরেজি বিষয়ের ওপর নিজেদের মৌলিক দক্ষতার পরিচয় দেয় তারা।
মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক গোলাম মুর্তজার সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের মুহতামিম মুফতি আব্দুল্লাহ আল মামুন।
এতে গঠনমূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মাদ্রাসা কমিটির সহসভাপতি ও আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মুন্সি বিল্লাল হুসাইন। তিনি কোমলমতি শিশুদের ইসলামী নৈতিক শিক্ষা ও মেধা বিকাশে মাদ্রাসার এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা এবং এলাকার সার্বিক উন্নয়নে শিক্ষা সংস্কৃতির প্রসারে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশে উপস্থিত কোমলমতি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ পরামর্শ দেন গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের বায়োকেমিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সুমন রায়। তিনি শিশুদের শারীরিক বৃদ্ধি ও সঠিক পুষ্টি বিষয়ে অভিভাবকদের সচেতন করেন।
প্রতিযোগিতা ও প্রদর্শনী শেষে বিজয়ী এবং অংশগ্রহণকারী ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে মেধা পুরস্কার বিতরণ করা হয়।
