ইন্টার কাশীর বিরুদ্ধে দাপুটে জয়। নিজের পুরনো ক্লাবকে ৫-১ গোলে হারিয়ে ‘বদলা’ নিয়েছেন ইস্টবেঙ্গলের কোচ আন্তোনিও লোপেজ হাবাস। পুরনো ক্লাবকে নিয়ে অনেক স্মৃতি আছে স্প্যানিশ কোচের। তবে তার মধ্যে তিক্ততাও কম নয়। কারণ, প্রায় একবছর বিনা পারিশ্রমিকে সেখানে কাজ করেছেন। লাল-হলুদের জয়ের পর সাংবাদিক সম্মেলনে কাশীর ক্লাব ম্যানেজমেন্ট নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন হাবাস।
তিনি বলছেন, “ইন্টার কাশীতে আমার খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের সঙ্গে খুব ভালো স্মৃতি রয়েছে। কিন্তু আমি ক্লাব ম্যানেজমেন্টের উপর চরম ক্ষুব্ধ। যারা তাদের ২২ জন নতুন খেলোয়াড় সই করানোর অনুমতি দিয়েছে। কারণ গত মরশুমের চুক্তি অনুযায়ী তারা এখনও বহু খেলোয়াড় এবং কোচিং স্টাফের প্রাপ্য অর্থ মেটায়নি। আমি কাশীর খেলোয়াড়দের সম্মান করি। কিন্তু বেতন বকেয়া সত্ত্বেও প্লেয়াররা আইএসএলে খেলছে, এটা মেনে নেওয়া যায় না। আমরা ইন্টার কাশীর হয়ে একটা গোটা মরশুম বিনা পারিশ্রমিকে কাজ করেছি।”
তবে আপাতত হাবাসের মূল লক্ষ্য ইস্টবেঙ্গলকে ভালো ফল করানো। আইএসএলে দু’ম্যাচ জিতে লিগ শীর্ষে। করেছে মোট ৯ গোল। স্ট্রাইকাররা গোলের মধ্যে আছে। এবার সামনে এসিএল ২-র ম্যাচ। ২৭ অক্টোবর ওমানে আল সিবের বিরুদ্ধে ম্যাচ। তার আগে হাবাস বলছেন, “আমরা প্রতিদিন অনুশীলন করছি। ম্যাচ পরিস্থিতির কথা মাথায় রেখে অনুশীলন চলছে। পেশাদার ফুটবলে প্রতিদিন নিজেদের সেরাটা দিতে হবে। আমরা সেই লক্ষ্য ধরে এগোচ্ছি।” কাশীর বিরুদ্ধে প্রথম একাদশে পাঁচ ফুটবলার বদল নিয়ে তিনি বলেন, “আমাদের একই সঙ্গে বিভিন্ন জায়গায় গিয়ে টানা ম্যাচ খেলতে হচ্ছে। তাই বিভিন্ন প্লেয়ারদের সুযোগ দিচ্ছি। আমি খুশি যে, সব প্লেয়ারই দায়িত্ব নিয়ে খেলছে। ফলে দলের মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতা আছে। সেটা যে কোনও দলের জন্য ভালো লক্ষণ।”
