বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার আসন্ন টেস্ট সিরিজে নতুন এক বাণিজ্যিক পার্টনারশিপের সূচনা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রচলিত স্পন্সরশিপের বাইরে নতুন ক্যাটাগরি ‘এক্সক্লুসিভ পার্টনারশিপ’ চালু করেছে বোর্ড। এই ক্যাটাগরিতে প্রথমবারের মতো যুক্ত হয়েছে দেশীয় পরিবহনসেবা প্রতিষ্ঠান গাড়িবুক। শুধু এই সিরিজের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি হয়েছে ২৫ লাখ টাকায়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এই পার্টনারশিপের ঘোষণা দেওয়া হয়। ক্রিকেটারদের যাতায়াতসেবা সহজ করা এবং দেশের ক্রিকেটের সঙ্গে দেশীয় ব্র্যান্ডগুলোর সম্পৃক্ততা বাড়ানোই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। আপাতত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য চুক্তি হলেও ভবিষ্যতে বিসিবির সঙ্গে পার্টনারশিপ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে গাড়িবুকের।
অনুষ্ঠানে বিসিবি মার্কেটিং কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মাসুদুজ্জামান বলেন, নতুন নতুন ক্যাটাগরিতে অংশীদারত্বের সুযোগ তৈরি করে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে চায় বোর্ড।
তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত পরিচালনা পর্ষদ ও প্রেসিডেন্ট মহোদয়কে সঙ্গে নিয়ে আমরা নতুন নতুন ক্যাটাগরিতে পার্টনারশিপ নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সেই কারণেই আজকের এই নতুন অধ্যায়।’
দেশীয় ব্র্যান্ড হিসেবে গাড়িবুকের সঙ্গে এই অংশীদারত্বকে ইতিবাচক হিসেবে দেখছেন মাসুদুজ্জামান। তাঁর আশা, প্রতিষ্ঠানটি ভবিষ্যতে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও নিজেদের সেবা সম্প্রসারণ করতে পারবে।
তিনি আরও বলেন, ‘গাড়িবুক বাংলাদেশের একটি লোকাল ব্র্যান্ড। আমরা আশা করব, তারা অচিরেই বাংলাদেশকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে এবং আন্তর্জাতিকভাবে নিজেদের প্রতিষ্ঠিত করবে। ভবিষ্যতে হয়তো আশপাশের দেশগুলোতেও তাদের সেবা পাওয়া যাবে। এভাবেই বাংলাদেশ ক্রিকেট ও গাড়িবুক একসঙ্গে এগিয়ে যাবে।’
অনুষ্ঠানে বিসিবির মার্কেটিং কার্যক্রম ও নতুন স্পন্সর সংগ্রহের প্রচেষ্টা নিয়েও কথা বলেন মাসুদুজ্জামান। তাঁর মতে, সাম্প্রতিক সময়ে ব্যবসায়িক খাতে নানা চাপ থাকায় স্পন্সর সংগ্রহের কাজ কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে।
মাসুদুজ্জামান বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই স্পন্সর কার্যক্রমে গুরুত্ব দেওয়া হচ্ছে। স্পন্সরশিপের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিছু জায়গা থেকে সাড়া মিলেছে, আবার কিছু জায়গা থেকে প্রত্যাশিত সাড়া পাওয়া যায়নি।
তিনি বলেন, ‘আমরা অনেকের কাছে মার্কেটিংয়ের উদ্দেশ্যে গিয়েছি। কিছু জায়গায় সাড়া পেয়েছি, কিছু জায়গায় হয়তো পাইনি। তবে আমি বলতে পারি, পরিস্থিতির পরিবর্তন হচ্ছে।’
বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পেরে সন্তোষ প্রকাশ করেছে গাড়িবুক কর্তৃপক্ষ। পরিবহনসেবা নিয়ে কাজ করায় ক্রিকেটের সঙ্গে তাদের ব্যবসায়িক সম্পৃক্ততাও রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গাড়িবুকের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা যেহেতু ট্রান্সপোর্ট নিয়ে কাজ করি, তাই এই পার্টনারশিপের সঙ্গে আমাদের ব্যবসার প্রাসঙ্গিকতা রয়েছে। সে কারণেই আমরা এই অংশীদারত্বে এসেছি। আশা করছি, ভবিষ্যতেও বিসিবির সঙ্গে আরও কোনো না কোনোভাবে থাকতে পারব।’
প্রতিষ্ঠানটি আরও জানায়, ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার আগ্রহ থেকেই এই উদ্যোগ। দেশীয় কোম্পানি হিসেবে দেশের ক্রিকেটের পাশে থাকতে চায় তারা।
আগামী ২৮ অক্টোবর থেকে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুরে। দ্বিতীয় টেস্টের ভেন্যু সিলেট।
