ময়মনসিংহের ভালুকায় মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবল আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রাজৈ ইউনিয়নের সজনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার করতে মঙ্গলবার সন্ধ্যায় তার গ্রামের বাড়ি সজনগাঁওয়ে অভিযান চালায় ভালুকা মডেল থানা-পুলিশ। অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারের পর আব্দুল কুদ্দুস নিজেকে জামিনে রয়েছেন বলে দাবি করেন। এ সময় পুলিশ তার কাছে জামিনের কাগজপত্র দেখতে চাইলে তিনি টালবাহানা শুরু করেন বলে অভিযোগ রয়েছে।
একপর্যায়ে তার স্বজনরা পুলিশের কাছ থেকে আব্দুল কুদ্দুসকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে তারা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। পরে হামলাকারীরা আব্দুল কুদ্দুসকে ছিনিয়ে নিয়ে যান।
এ ঘটনায় এএসআই রাহিদুল ইসলাম ও কনস্টেবল বাকিরুল আহত হন। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। পরে রাত ৯টার দিকে আহত দুই পুলিশ সদস্যকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে পুলিশের দুই সদস্য হামলার শিকার হয়েছেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে আহতদের উদ্ধার করা হয়েছে। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
