বাগেরহাটের সঙ্গে পিরোজপুর ও বরিশালের যোগাযোগ সহজ করতে দীর্ঘ ১৯ বছর পর আবারও চালু হচ্ছে সন্ন্যাসী-কলারণ ফেরিঘাট। এ লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পল্লীমঙ্গল থেকে সন্ন্যাসী পর্যন্ত সাত কিলোমিটার সড়ক ও ফেরিঘাটের বেইলি সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। এতে দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলার মধ্যে যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সড়ক ও ফেরিঘাটের বেইলি সেতু নির্মাণকাজ পরিদর্শন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলিম। এ সময় বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, মোরেলগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাহাদাৎ হোসাইন, জামায়াত নেতা অধ্যাপক শহিদুল ইসলাম, ঠিকাদার এস এম বদিউজ্জামান খোকনসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন পর সড়ক ও ফেরিঘাটের কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের আশা, কাজ শেষ হলে যাতায়াতের দুর্ভোগ কমবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।
স্থানীয় বাসিন্দা রকিবুল ইসলাম বলেন, পল্লীমঙ্গল থেকে সন্ন্যাসী পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। এতে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি হতো। নতুন করে কাজ শুরু হওয়ায় তারা আশাবাদী। দ্রুত কাজ শেষ করে সড়ক ও ফেরিঘাটটি চালুর দাবি জানান তিনি।
সন্ন্যাসী বাজারের ব্যবসায়ী আব্দুস সালাম বলেন, ফেরি চালু হলে পিরোজপুর, বরিশাল ও নাজিরপুরের সঙ্গে বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ এবং মোংলার যোগাযোগ সহজ হবে। এতে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ফেরিঘাটটি।
বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম বলেন, আগামী ছয় মাসের মধ্যে সড়ক ও ফেরিঘাটের সব কাজ শেষ করার আশা করছেন তারা। কাজ সম্পন্ন করে ফেরি চালু করা গেলে বাগেরহাটের সঙ্গে বরিশালের যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে।
বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলিম বলেন, ২০০৭ সাল পর্যন্ত এ ঘাটে ফেরি চলাচল করত। ঘূর্ণিঝড় সিডরের সময় ফেরিটি ডুবে যাওয়ার পর আর চালু করা হয়নি। একই সঙ্গে সড়কটিরও উন্নয়ন হয়নি। এখন দ্রুত সময়ের মধ্যে সড়ক ও ফেরিঘাট চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এটি চালু হলে এলাকার মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাগেরহাট সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জের পল্লীমঙ্গল থেকে সন্ন্যাসী পর্যন্ত সাত কিলোমিটার সড়ক নির্মাণ ও ফেরিঘাটের বেইলি সেতু নির্মাণের কাজ চলছে।
