শিক্ষার্থীদের মেধা বিকাশ, উদ্ভাবনী শক্তি, সৃজনশীলতা ও বহুমুখী প্রতিভাকে উৎসাহিত করার লক্ষ্যে স্কলার্সহোম স্কুল এন্ড কলেজের দক্ষিণ সুরমা ক্যাম্পাসে সম্প্রতি অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। বুধবার ক্যাম্পাসে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন স্কলার্সহোমের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। প্রতিষ্ঠানটিতে সম্প্রতি বিজ্ঞান মেলা (Science Fair), আইসিটি অলিম্পিয়াড (ICT Olympiad), বিতর্ক প্রতিযোগিতা (Debate), পাবলিক স্পিকিং, বাংলাবিদ ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শেখার অদম্য আগ্রহ এবং নিজেদের ছাড়িয়ে যাওয়ার প্রত্যয়ের ভূয়সী প্রশংসা করা হয়। বিশেষ করে বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের তৈরি চমৎকার সব প্রজেক্ট ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী চিন্তা সবার নজর কাড়ে এবং ভবিষ্যতের একটি প্রতিশ্রুতিশীল প্রজন্মের সুসংবাদ দেয়।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে মেডেল, সনদপত্র, সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। একই সাথে বিজয়ী ও সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীকে তাদের সুন্দর ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়।
এবিষয়ে অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ বলেন, প্রতিটি অর্জনের পেছনে থাকে কঠোর পরিশ্রম, নতুন কিছু শেখার অদম্য আগ্রহ এবং নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যয়। আমাদের শিক্ষার্থীদের এই চমৎকার সাফল্য সত্যিই আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার। আজকের এই যুগে কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও বহুমুখী প্রতিভার বিকাশ ঘটাতে হবে। আমাদের এই আয়োজনগুলোর লক্ষ্যই হলো শিক্ষার্থীদের ভেতরের সুপ্ত প্রতিভাকে বিকশিত করা এবং তাদের আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তোলা। এই সুন্দর ও অর্থবহ আয়োজনটি সফল করে তোলার জন্য আমি শিক্ষকবৃন্দ, বিচারকমণ্ডলী এবং সংশ্লিষ্ট সকল কর্মচারীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিজয়ী ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
