গোপালগঞ্জের কাশিয়ানীতে মৃত্যুর প্রায় আড়াই মাস পর আদালতের নির্দেশে ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সাহারা ইসলাম সারা নামের দুই বছরের এক শিশুর মরদেহ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার কলশী ফুকরা গ্রামে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা লিজার উপস্থিতিতে এই মরদেহ উত্তোলন করা হয়। নিহত শিশু সাহারা ফুকরা গ্রামের সাগর খাকীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট দুপুর ১টার দিকে বাড়ির পাশের ডোবার পানিতে শিশু সাহারাকে ভাসতে দেখেন তার মা মুক্তা বেগম। উদ্ধার করার পর পরিারের সদস্যরা শিশুটির শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান। প্রাথমিক অবস্থায় স্বজনেরা মরদেহ দাফন করলেও পরবর্তীতে পরিবারটির সন্দেহ হয় যে শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করে পানিতে ফেলে রাখা হয়েছে।
এই ঘটনায় ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে গত ১৭ আগস্ট গোপালগঞ্জ বিচারক আদালতে লিখিত আবেদন করেন নিহত শিশুর বাবা সাগর খাকী। আদালত আবেদনটি আমল নিয়ে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে এটি হত্যা নাকি দুর্ঘটনা তা নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
জেএইচআর
