কলকাতার চেনা প্যান্ডেল, ঢাকের আওয়াজ আর বন্ধুদের আড্ডা পেরিয়ে এ বছর একেবারে ভিন্নআমেজে দুর্গোৎসব উদযাপন করছেন টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। বিয়ের পর এটিই তাঁর প্রথম দুর্গাপূজা।
ঢাকঢোল পিটিয়ে প্রবাসের মাটিতে স্বামী ও টলিউড সহকর্মীর সঙ্গে নতুন জীবনের প্রথম দুর্গাপূজার রঙে মেতে উঠেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

গত বছরের ২৮ নভেম্বর লাস ভেগাসে আইটি ইঞ্জিনিয়ার সুজিত বসুর সঙ্গে বিয়ে পিঁড়িতে বসে সবাইকে চমকে দিয়েছিলেন তনুশ্রী চক্রবর্তী। সুজিত দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করায় বিয়ের পর থেকে সেখানেই নতুন সংসার পেতেছেন অভিনেত্রী। ফলে এবারের পূজাটা তাঁর কাছে একটু বেশিই বিশেষ এবং একেবারেই ভিন্ন অভিজ্ঞতার।

মহাসপ্তমীর বিশেষ দিনে ঐতিহ্যবাহী সবুজ শাড়ি ও সিঁথিভরা সিঁদুরে একদম নতুন বউয়ের সাজে ফ্রেমবন্দি হয়েছেন তনুশ্রী। কলকাতার ব্যস্ততা না থাকলেও প্রবাসের বুকে স্বামীর হাত ধরে উদ্যাপিত হচ্ছে তাঁর এই উৎসব। তনুশ্রীর এই বিশেষ মুহূর্তে সুজিতের পাশাপাশি দেখা গেছে টলিউডের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকেও, যিনি পূজার মৌসুমে অনুষ্ঠানে অংশ নিতে বর্তমানে মার্কিন মুলুকে রয়েছেন। দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও যে পুজোর আনন্দ একবিন্দু ফিকে হয়নি, তনুশ্রীর সাজগোজ ও চেনা হাসিতেই তা স্পষ্ট।
উল্লেখ্য, বিদেশে থিতু হলেও অভিনয় ক্যারিয়ার থেকে বিরতি নিচ্ছেন না তনুশ্রী। দেশ ও বিদেশ দুই সামলেই আগামী দিনে সংসার ও অভিনয় জীবন চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে তাঁর।
