‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর কাবাডিতে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার শাহ্ গরীবুল্লাহ্ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মেয়েদের দল।
জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে এলাকায় ফেরার পর সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে খেলোয়াড়দের আনন্দ র্যালির মাধ্যমে বরণ করে নেওয়া হয়। লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে র্যালি শেষে খেলোয়াড়েরা উপজেলা পরিষদে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তাঁরা বিদ্যালয় প্রাঙ্গণে ফিরে আসেন।
গত ৬ সেপ্টেম্বর কুমিল্লার ঐতিহাসিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয় ৯ সেপ্টেম্বর এবং ১০ সেপ্টেম্বর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
জাতীয় পর্যায়ে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করায় বিদ্যালয় কর্তৃপক্ষ খেলোয়াড়দের খোলা ছাদের গাড়িতে করে বরণ করে নেয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ অর্জন এলাকার শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে।
জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হতে পেরে আমরা অনেক আনন্দিত। এই অর্জনের পেছনে আমাদের শিক্ষকদের সহযোগিতা, কোচের দিকনির্দেশনা এবং কঠোর পরিশ্রম রয়েছে। ভবিষ্যতেও ভালো খেলে বিদ্যালয় ও হাতীবান্ধার সুনাম ধরে রাখতে চাই।
জাকিয়া সুলতানা জীম বলেন,জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া আমাদের জন্য অনেক বড় অর্জন। আমরা খুবই আনন্দিত। আমাদের এই সাফল্যে যারা সহযোগিতা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও খেলাধুলায় ভালো করে দেশের জন্য গৌরব বয়ে আনতে চাই।
বিজয়ী দলের খেলোয়াড় নুরে মুমতারিন বলেন, আমাদের এই অর্জন বিদ্যালয়, পরিবার ও পুরো হাতীবান্ধার জন্য গর্বের। আমরা চাই, আমাদের সাফল্য দেখে অন্য শিক্ষার্থীরাও খেলাধুলায় আগ্রহী হোক এবং দেশের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখুক।
ফয়জুন নেছা মনা, কোচ, শাহ্ গরীবুল্লাহ্ মাধ্যমিক বালিকা বিদ্যালয় বলেন, মেয়েদের এই সাফল্যে আমরা গর্বিত। নারী খেলোয়াড়দের জন্য উপযুক্ত মাঠ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় নেতাকর্মী ও উপজেলা প্রশাসন উৎসাহ দিলে তারা ভবিষ্যতে আরও ভালো করবে এবং দেশের জন্য সুনাম বয়ে আনবে।
শাহ্ গরীবুল্লাহ্ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবার রহমান বলেন, ‘আমাদের মেয়েরা জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাদের এই সাফল্য বিদ্যালয়ের সুনাম বাড়িয়েছে। ভবিষ্যতেও তারা আরও ভালো করবে, এটাই আমাদের প্রত্যাশা।’
হাতীবান্ধা উপজেলা ক্রীড়া সংস্থা,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন,হাতীবান্ধার মেয়েদের জাতীয় পর্যায়ে কাবাডিতে চ্যাম্পিয়ন হওয়া আমাদের গর্বের বিষয়। উপজেলা ক্রীড়া সংস্থা ও হাতীবান্ধা-পাটগ্রামের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের উদ্যোগে তাদের জাঁকজমকপূর্ণ সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র বলেন, ‘খেলোয়াড়দের পাশে সব সময় উপজেলা প্রশাসন আছে। তোমাদের ব্যতিক্রমী সংবর্ধনা দেওয়া হবে। পাশাপাশি জাতীয় পর্যায়ে খেলাধুলার জন্য ডাক পেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
