চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে প্রক্টর অফিসের পূর্বানুমতি ছাড়া ড্রোন ক্যামেরা ওড়ানো নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
রোববার (২৫ অক্টোবর) বেলা ৩টার দিকে ছাত্রীদের আবাসিক হলে ড্রোন ওড়ানোর অভিযোগে এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা দেয়া হয়।
ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রায়ই বিনা অনুমতিতে ড্রোন ওড়ানো হচ্ছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে ছাত্রীদের হল এলাকায়ও ড্রোন ওড়ানো হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও ছাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এতে আরও বলা হয়, ক্যাম্পাসের অভ্যন্তরে ড্রোন ওড়ানোর প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই প্রক্টর কার্যালয়ের পূর্বানুমতি নিতে হবে। প্রযোজ্য সরকারি বিধিবিধান অনুসরণ করতে হবে। এ নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
