ছয়টি প্রতিযোগিতা নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় উৎসব ‘মেকনেভেশন ১২এক্স’। আগামী ২৮ ও ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে উৎসবটির চতুর্থ আসর।
বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের ১২তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিভাগ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী এ উৎসব আয়োজন করা হচ্ছে বলে জানান আয়োজকরা।
‘প্রজন্মের সেতুবন্ধন, উদ্ভাবনের উদ্দীপন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এ আয়োজনে থাকছে ছয়টি প্রতিযোগিতা। এগুলো হলো কেস কম্পিটিশন, কম্পিউটার-এইডেড ডিজাইন (সিএডি), লাইন ফলোয়ার রোবট (এলএফআর), মেকানিক্স, ম্যাথ অলিম্পিয়াড ও কিউবিক প্রতিযোগিতা।
উৎসবের শেষ দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি হবে।
নিবন্ধন, প্রতিযোগিতার নিয়মাবলি ও অন্যান্য হালনাগাদ তথ্য শিগগিরই মেকনেভেশনের অফিশিয়াল ‘মেকনেভেশনের ওয়েবসাইটে’ জানানো হবে।
