যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হামলা বা কড়া অবরোধের ভাবনার মধ্যে ইরান জানিয়েছে, পারস্য উপসাগরে তারা কোনো মার্কিন যুদ্ধজাহাজকে ঘেঁষতে দেবে না।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ইরানে আবারও বড় ধরনের হামলা বা কড়া অবরোধের চিন্তাভাবনা করছেন।
ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান আলি আবদুল্লাহি ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পারস্য উপসাগরে আবার মার্কিন সেনা পাঠানোর স্বপ্ন ট্রাম্পকে কবরে নিয়ে যেতে হবে। তাঁর ভাষ্য, যুক্তরাষ্ট্র দাবি করে তারা ইরানের সামরিক শক্তি ধ্বংস করেছে, অথচ নিজেদের যুদ্ধজাহাজ ইরানের সীমানার কাছে পাঠাতে ভয় পাচ্ছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যেকোনো হামলার উপযুক্ত জবাব দিতে তেহরান সম্পূর্ণ প্রস্তুত।
এই সংঘাতের আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১১৭ ডলারে উঠেছে। আন্তর্জাতিক সমুদ্রপথ হরমুজ প্রণালিতে একের পর এক তেলবাহী জাহাজে হামলা চলছে। পাশাপাশি ইয়েমেনের হুথি যোদ্ধাদের সঙ্গে সৌদি আরবের লড়াইও নতুন করে বাড়ছে।
সংঘাত থামাতে ইস্তাম্বুলে তুরস্ক, পাকিস্তান ও ইউরোপীয় কয়েকটি দেশ বৈঠক করলেও সেখানে যুক্তরাষ্ট্র বা ইরান উপস্থিত ছিল না। তুরস্ক সতর্ক করে বলেছে, ইরানে নতুন হামলা পুরো অঞ্চলে আগুন ধরিয়ে দেবে।
অন্যদিকে ইরান স্পষ্ট জানিয়েছে, মার্কিন হামলা ও নির্যাতন না থামলে তারা কোনো আলোচনায় বসবে না এবং হরমুজ প্রণালিও মুক্ত করবে না। সূত্র: আল-জাজিরা
বিআলো/শিলি