Published on
:
1 min read
কাঁধে ব্যাগ, এক কানে ফোন। অফিস ফেরত এক যুবক দাঁড়িয়ে ছিলেন রাস্তার এক পাশে। হঠাৎ সারা গায়ে-মাথায় চুলকোতে থাকলেন তিনি। এমন দাপাদাপি করতে শুরু করলেন যে ঘুণাক্ষরেও টের পেলেন না, পাশেই থাকা এক কিশোর তাঁর ব্যাগ, মোবাইল ফোন সব চুরি করে ধীরে সুস্থে পালিয়ে গেল। গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। সেটাই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
কী ভাবে ঘটল ঘটনাটি?
ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। তাঁর পাশেই ছিল এক কিশোর। সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে, ওই কিশোরের এক হাতে কোনও একটি প্যাকেট। ওই ব্যক্তির অন্যমনস্কতার সুযোগে কিশোর এক হাতে কিছু একটা ছুঁয়ে দিল ওই ব্যক্তির ঘাড়ে। তার কয়েক সেকেন্ড পরেই হঠাৎ ঘাড় চুলকাতে শুরু করেন ওই ব্যক্তি। বেশ কয়েক সেকেন্ড পরেই কার্যত সারা গা-হাত পায়ে চুলকোতে থাকেন তিনি। একটি স্কুটারের উপর ব্যাগ রেখে তিনি যখন নিজেকে নিয়ে ব্যস্ত। তখন এক পা-দু’পা করে ব্যাগ নিয়ে নেয় ওই কিশোর। তারপরে এক নিমেষে ব্যক্তির পকেট থেকে মোবাইল ফোন তুলে পালিয়ে যায় সে।
ঘটনাটি কোথাকার তা এখনও জানা যায়নি। বাংলাদেশের একটি সোশ্যাল হ্যান্ডল থেকে ভাইরাল হয়েছে ওই ভিডিয়োটি। যদিও আদতে ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে, তা জানা যায়নি। ভিডিয়োর সত্যতাও যাচাই করেনি এই সময় অনলাইন।