প্রযুক্তির অবাধ বিস্তার, মানসম্মত সিনেমার সংকট আর দর্শকখরায় একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে দেশের সিনেমা হল। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে গাজীপুরের পরিচিত প্রেক্ষাগৃহ ‘উল্কা’।
ক্রমাগত লোকসানের মুখে আগামী নভেম্বর থেকে হলটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
উল্কা সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিক উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে হলটি চালাতে গিয়ে প্রতিনিয়ত লোকসান গুনতে হচ্ছে। এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে, সিনেমার শো চালিয়েও বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না।
রফিক উদ্দিন বলেন, ‘ভালো গল্পের সিনেমা এবং পরিচিত নায়ক-নায়িকা থাকলে হলে দর্শক আসেন। সর্বশেষ শাকিব খানের সিনেমা এবং আরিফিন শুভ ও মিম অভিনীত ‘মালিক’ চালিয়ে আমরা ভালো ব্যবসা করেছিলাম। কিন্তু এরপর আর ব্যবসা নেই। শুধু দুই ঈদে সিনেমা চালিয়ে হল টিকিয়ে রাখা সম্ভব নয়।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘একদিকে নিয়মিত লোকসান, অন্যদিকে অস্বাভাবিক বিদ্যুৎ বিল। সব মিলিয়ে পরিস্থিতি আর সহনীয় পর্যায়ে নেই। এভাবে আর কত দিন লোকসান দেব? তাই আগামী নভেম্বর থেকে হলটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
হল কর্তৃপক্ষের ভাষ্য, বর্তমানে দর্শকসংখ্যা এতটাই কম যে হাতেগোনা কয়েকজন দর্শক নিয়ে শো চালাতে হচ্ছে। এতে কর্মীদের বেতন, দৈনিক খরচ এবং মাসিক বিদ্যুৎ বিল পরিশোধ করাও কঠিন হয়ে পড়েছে। মুক্তি পাওয়া অধিকাংশ সিনেমা দর্শক টানতে না পারায় নিয়মিত লোকসানের মুখে পড়ছে হলটি। এ অবস্থায় হল চালু রাখার আর্থিক সক্ষমতা হারিয়ে ফেলেছে কর্তৃপক্ষ।
বর্তমানে উল্কা সিনেমা হলে চলছে কামরুজ্জামান পরিচালিত ‘স্নেহের বন্ধন’। গত শুক্রবার ১৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয় চৌধুরী ও মৌ খান অভিনীত সিনেমাটি। মুক্তির আগে ছাদখোলা বাসে রাজধানীজুড়ে প্রচারণা চালানো হলেও হলে দর্শক টানতে পারেনি ছবিটি।
বিজ্ঞাপন
সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সেও সিনেমাটির প্রদর্শনীতে দর্শক উপস্থিতি আশানুরূপ নয়। উল্কা সিনেমা হলেও একই চিত্র বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শিল্পাঞ্চল হিসেবে পরিচিত গাজীপুরের শ্রমজীবী মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম ছিল সিনেমা হল। তবে সময়ের সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে জেলার একাধিক প্রেক্ষাগৃহ। দেড় বছর আগেও গাজীপুরে চারটির মতো সিনেমা হল সচল ছিল। সেগুলোর মধ্যে অন্যতম উল্কা।
বিজ্ঞাপন
এর আগে কাপাসিয়ার একমাত্র সিনেমা হল ‘মনোরম’ রূপান্তরিত হয়েছে রেস্তোরাঁয়। এবার উল্কা বন্ধ হয়ে গেলে গাজীপুরে চালু থাকবে শুধু ‘বর্ষা’ ও ‘ঝুমুর’ সিনেমা হল। ফলে জেলার সাধারণ দর্শকদের স্বল্প খরচে সিনেমা দেখার সুযোগ আরও সীমিত হয়ে পড়বে।
এমআই/এলআইএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
